রূপপুরে প্রথম রিঅ্যাক্টরে ইউরেনিয়াম লোডিং সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প (Rooppur Nuclear Power Plant)–এর প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কোরে সফলভাবে ফ্রেশ পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম লোডিং সম্পন্ন হয়েছে। বিদ্যুৎ ইউনিটটির কমিশনিং ও বাণিজ্যিক উৎপাদনের পথে এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (NPCBL)–এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৮ এপ্রিল থেকে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হয়েছিল। এরপর ধাপে ধাপে রিঅ্যাক্টর কোরে মোট ১৬৩টি জ্বালানি অ্যাসেম্বলি স্থাপন করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রস্তুতির ক্ষেত্রে এটি অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

রূপপুর প্রকল্পের পরিচালক এবং এটমস্ট্রয়েক্সপোর্ট (Atomstroyexport)–এর ভাইস প্রেসিডেন্ট আলেক্সি ডেইরি জানান, পুরো কার্যক্রমে প্রাথমিক কোর লোডিং কর্মসূচি, পরিচালনাগত বিধিমালা এবং আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করা হয়েছে।

তিনি বলেন, পরবর্তী ধাপে রিঅ্যাক্টরের উপরের অংশ স্থাপন করা হবে এবং প্রয়োজনীয় ইন-কোর ইনস্ট্রুমেন্টেশন সিস্টেম সংযুক্ত করা হবে। এরপর প্রযুক্তিগত সব ব্যবস্থার নির্ভরযোগ্যতা ও নিরাপদ পরিচালনা নিশ্চিত করতে শত শত অতিরিক্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।

এনপিসিবিএলের এমডি ড. মো. জাহেদুল হাসান বলেন, খুব শিগগিরই রিঅ্যাক্টরকে ন্যূনতম নিয়ন্ত্রণযোগ্য বিদ্যুৎ উৎপাদন স্তরে নেওয়া হবে। এরপর ধাপে ধাপে উৎপাদন ক্ষমতা বাড়ানো হবে। এই প্রক্রিয়াগুলো প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু এবং পরীক্ষামূলক বাণিজ্যিক পরিচালনার পথ আরও সুগম করবে।

রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় নির্মিত হচ্ছে দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। এতে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ভিভিইআর-১২০০ (VVER-1200) রিঅ্যাক্টর স্থাপন করা হচ্ছে। জেনারেশন থ্রি প্লাস (Gen III+) প্রযুক্তির এই রিঅ্যাক্টরগুলো আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড পূরণে সক্ষম বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রকল্পটির জেনারেল ডিজাইনার ও কন্ট্রাক্টর হিসেবে কাজ করছে রসাটম (Rosatom)–এর ইঞ্জিনিয়ারিং বিভাগ।