নেত্রকোনায় টিসিবির ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচন ও তালিকা প্রণয়ন প্রক্রিয়ায় ব্যাপক অসংগতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন কায়সার কামাল (Kaiser Kamal)। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য হিসেবে তিনি বলেছেন, প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষের অনেকেই কার্ড সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, অথচ অনেক সচ্ছল পরিবার সেই সুবিধা পেয়েছে।
শনিবার (১৬ মে) বিকেল চারটার দিকে কলমাকান্দা (Kalmakanda) জেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তালিকায় এমন ভুল ও অনিয়মের জন্য বঞ্চিত মানুষের কাছে হাত জোড় করে দুঃখ প্রকাশ করেন ডেপুটি স্পিকার। তিনি জানান, কয়েক দিন ধরে এলাকায় অবস্থান করে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার খোঁজ নিয়েছেন এবং বিভিন্ন অভিযোগ শুনেছেন।
কায়সার কামাল বলেন, ফ্যামিলি কার্ডের তালিকায় সরাসরি টাকা লেনদেনের সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়া গেলেও উপকারভোগী নির্বাচনে চরম গাফিলতির প্রমাণ মিলেছে। স্থানীয় প্রশাসনের উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “কাজের গাফিলতিও কিন্তু এক ধরনের দু’\র্নীতি।”
তিনি আরও বলেন, নিজের সংসদীয় এলাকায় হিন্দু, মুসলমান, খ্রিষ্টানসহ সব সম্প্রদায়ের প্রকৃত যোগ্য মানুষ যেন কার্ড পান, তা নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এমন অসংগতি বা দু’\র্নীতি পাওয়া গেলে কঠোরভাবে আইনের প্রয়োগ করা হবে বলেও সতর্ক করেন তিনি।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অনলাইনে আবেদন করা ১ হাজার ১০ জনের মধ্যে যাচাই-বাছাই শেষে ৭৯৪টি পরিবারকে এই সুবিধার আওতায় আনা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কায়সার কামাল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)-এর মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, ফার্মার্স কার্ড ও ফোর্স কার্ডের মতো জনকল্যাণমূলক উদ্যোগের সুসংগঠিত রূপরেখা তৈরি করে আসছিলেন।
তিনি আরও বলেন, গত ২৫ ডিসেম্বর দেশে ফিরে লাখো মানুষের সামনে প্রধানমন্ত্রী যে ‘আই উইশ আ প্ল্যান’ ঘোষণা করেছিলেন, সেটি সামাজিক ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটি সুস্পষ্ট অঙ্গীকার।
এর আগে শনিবার বিকেল তিনটায় চাঁদপুর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে একযোগে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
