শিগগিরই কোনো শা’ন্তিচুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, আলোচনায় অগ্রগতি না হলে পরিস্থিতি আরও সংঘাতময় দিকে গড়াতে পারে।
ফরাসি গণমাধ্যম বিএফএমটিভি (BFMTV)–কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানিদের জন্য একটি চুক্তিতে পৌঁছানোই সবচেয়ে ভালো পথ। তাদেরও এতে স্বার্থ রয়েছে, যেমনটি রয়েছে ওয়াশিংটনের। তবে তেহরান যদি সমঝোতার পথে না আসে, তাহলে তাদের সামনে কঠিন সময় অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময় এলো, যখন ইরান (Iran) ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন করে তীব্র হয়ে উঠেছে। যদিও ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আবারও আলোচনার বার্তা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে তেহরান, তবুও ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়ে গভীর অবিশ্বাস প্রকাশ করেছে দেশটি। কূটনৈতিক বার্তা ও সামরিক চাপ—দুইয়ের সমান্তরাল উপস্থিতিতে দুই দেশের সম্পর্ক এখন এক ধরনের মনস্তাত্ত্বিক লড়াইয়ের পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এরই মধ্যে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস (The New York Times) এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান সংকট নিয়ে যেকোনো সময় বড় ধরনের সিদ্ধান্ত নিতে পারেন ট্রাম্প। চলমান অচলাবস্থা ভাঙতে তিনি আরও বিস্তৃত পরিসরে বো’মা হামলার অনুমোদন দিতে পারেন—এমন আশঙ্কা থেকেই তার শীর্ষ উপদেষ্টারা পুনরায় সামরিক অভিযান শুরু করার একটি বিস্তারিত রূপরেখা তৈরি করে রেখেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের ভেতরে নিরাপত্তা ও কূটনৈতিক মহলে এখন আশঙ্কা বাড়ছে যে, আলোচনার পথ ব্যর্থ হলে পরিস্থিতি দ্রুত সামরিক সংঘাতের দিকে মোড় নিতে পারে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ আবারও নতুন মাত্রা পেয়েছে।
উল্লেখ্য, এর আগেও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র দুবার দেশটির ওপর সামরিক হামলা চালিয়েছিল। সেই অভিজ্ঞতা এখনো তেহরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের মধ্যে গভীর অবিশ্বাস তৈরি করে রেখেছে।


