বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান (Salman Khan)-এর একটি ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে হাসপাতালের বাইরে পাপারাজ্জিদের আচরণে ক্ষুব্ধ হতে দেখা যায় অভিনেতাকে। আর সেই ভিডিও নজরে আসতেই প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান (Mahira Khan)।
সম্প্রতি মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে এক বিশেষ ব্যক্তিকে দেখতে গিয়েছিলেন সালমান খান। সেখানে অভিনেতাকে অনুসরণ করে উপস্থিত হন একদল পাপারাজ্জি। হাসপাতাল থেকে বের হওয়ার সময় সালমানকে ক্যামেরাবন্দি করতে চিৎকার-চেঁচামেচি শুরু করেন তারা। হাসপাতালের মতো সংবেদনশীল পরিবেশে এমন আচরণে বিরক্ত হয়ে যান অভিনেতা।
ভিডিওতে দেখা যায়, সালমান ইশারায় প্রশ্ন করছেন— “পাগল হয়ে গেছ? তোমাদের নিজেদের কেউ এখানে রোগী থাকলেও কি এমন আচরণ করতে?”
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই দৃশ্যের পর অনেকেই সালমানের অবস্থানকে সমর্থন করেছেন। হাসপাতালের বাইরে এমন শোরগোল ও বিশৃঙ্খল আচরণ পছন্দ হয়নি মাহিরা খানেরও। তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সালমানের ভিডিওটি শেয়ার করে লেখেন, “ইয়ার সল্লু”, সঙ্গে যুক্ত করেন একটি ইমোজি।
ভিডিও ভাইরাল হওয়ার পর সালমান খান নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও একাধিক পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি পাপারাজ্জিদের আচরণের সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেন।
এক পোস্টে তিনি লেখেন, “যদি আমি কোনো প্রেসের লোককে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আমার যন্ত্রণার মজা নিতে দেখি… অথচ এই প্রেসের জন্য আমি সবসময় পাশে দাঁড়িয়েছি, কথা বলেছি, তাদের কাজের সুযোগ করে দিয়েছি।”
আরেক পোস্টে তিনি লেখেন, “যদি তারা আমার দুঃখ থেকে টাকা উপার্জন করতে চায়, তাহলে চুপ থাকো, মজা নাও। ছবি আগে নাকি জীবন?”
পরবর্তী এক পোস্টে আরও কঠোর ভাষায় সালমান লেখেন, “যখন তোমাদের পরিবারের কেউ হাসপাতালে থাকবে, তখন আমি কি এভাবে আচরণ করব?”
সবশেষ পোস্টে ভাইজান লেখেন, “৬০ বছর হয়ে গেছে, কিন্তু লড়াই করতে ভুলিনি।”
সালমান খানের এই বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন অনেক তারকা ও ইনফ্লুয়েন্সার। কেউ কেউ মন্তব্য করেছেন, “পাপারাজ্জি কালচার এবার বন্ধ হওয়া উচিত।”


