জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি (Nazmun Munira Nancy) আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্পষ্ট অবস্থান তুলে ধরে আলোচনায় এসেছেন। এবার তিনি দেশত্যাগী এক পলাতক নেত্রী এবং আত্মগোপনে থাকা তার অনুসারীদের ইঙ্গিত করে কড়া মন্তব্য করেছেন। যদিও পোস্টে সরাসরি কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নাম উল্লেখ করেননি এই শিল্পী।
রোববার (২৪ মে) দুপুরে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে ন্যান্সি লেখেন, ‘পলাতক নেত্রীর পলাতক ভাই বোনগুলোকে শুধু সোশ্যাল মিডিয়াতেই হু’\মকি দিতে দেখি, এরা আজকাল কোন গ্রহে থাকে।’
স্ট্যাটাসে কারও নাম উল্লেখ না থাকলেও দেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় অনেক নেটিজেনই বিষয়টিকে নির্দিষ্ট রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে মিলিয়ে দেখছেন। সামাজিক মাধ্যমে অনেকে ধারণা করছেন, ক্ষমতাচ্যুত রাজনৈতিক দলের পলাতক নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ করেই এই মন্তব্য করেছেন তিনি।
রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে আত্মগোপনে থাকা কিংবা দেশ ছেড়ে চলে যাওয়া কিছু নেতাকর্মীকে মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় দেখা যায়। বিভিন্ন সময় তাদের হু’\মকিমূলক পোস্ট ও বক্তব্যও আলোচনার জন্ম দিয়েছে। ন্যান্সির সাম্প্রতিক স্ট্যাটাস সেই বাস্তবতাকেই ইঙ্গিত করেছে বলে মনে করছেন অনেকে।
স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। মন্তব্যের ঘরে নেটিজেনরা পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া জানাতে থাকেন। কেউ তার বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন, আবার কেউ সমালোচনাও করেছেন।
এর আগেও দেশের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সরব হতে দেখা গেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সংগীতশিল্পীকে। নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরার কারণে একাধিকবার সমালোচনা ও বিতর্কের মুখেও পড়েছেন তিনি। তবে সেসব সমালোচনাকে উপেক্ষা করে নিজের মত প্রকাশে বরাবরই অনড় থেকেছেন ন্যান্সি।


