দেশে জেট ফুয়েলের দাম প্রতি লিটারে প্রায় ৩৯ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (Bangladesh Energy Regulatory Commission-বিইআরসি)। শনিবার (২৩ মে) বিকেলে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন মূল্যহার ঘোষণা করা হয়।
বিইআরসি জানিয়েছে, নতুন দাম শনিবার রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৫ টাকা ৮৮ পয়সা। এর আগে এই দাম ছিল ২০৫ টাকা ৪৫ পয়সা। অর্থাৎ এক লিটারে কমেছে প্রায় ৩৯ টাকা ৫৭ পয়সা।
তবে যুদ্ধ শুরুর আগে গত ফেব্রুয়ারিতে একই জেট ফুয়েলের দাম ছিল আরও কম—প্রতি লিটার ৯৫ টাকা ১২ পয়সা।
অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৩৩৮৫ মার্কিন ডলার থেকে কমিয়ে ১ দশমিক ০৮২৩ ডলার নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৭ মে জেট ফুয়েলের মূল্য সমন্বয় করেছিল বিইআরসি। তখন অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছিল ২০৫ টাকা ৪৫ পয়সা এবং আন্তর্জাতিক রুটের জন্য প্রতি লিটার ১ দশমিক ৩৩৮৫ ডলার।
দাম কমানোর কারণ ব্যাখ্যা করে বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১ (এভিয়েশন ফুয়েল)-এর দামে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। গত ৫ মে থেকে ২১ মে পর্যন্ত সময়ের আন্তর্জাতিক বাজার মূল্য এবং প্ল্যাটস রেটের গড় বিবেচনায় এই নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ (Bangladesh Energy Regulatory Commission Act 2003)-এর ধারা ২২(খ) ও ৩৪ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভোক্তা পর্যায়ে জেট এ-১-এর দাম সমন্বয় করা হয়েছে।
