জমকালো শাড়ি পরে গোশত কাটছেন অপু বিশ্বাস, ভাইরাল ভিডিও ঘিরে নেটদুনিয়ায় আলোচনা

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস (Apu Biswas)-এর একটি ভিডিও, যেখানে তাকে কোরবানির গোশত কাটতে দেখা গেছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্ত ও নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই ভিডিওটি ফেসবুকের বিভিন্ন পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে। যদিও ভিডিওটি অভিনেত্রীর অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রকাশ করা হয়নি, বরং তার প্রডাকশন হাউসের পেজ থেকেই পোস্ট করা হয়েছে। তবুও খুব অল্প সময়ের মধ্যেই সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, একেবারে ঘরোয়া পরিবেশে বাড়ির গ্যারেজের খোলা জায়গায় বসে গোশত কাটছেন এই জনপ্রিয় অভিনেত্রী। ছোট একটি প্লাস্টিকের টুলে বসে সামনে রাখা কাঠের গুঁড়ির ওপর বড় ছুরি দিয়ে মাংস কাটতে দেখা যায় তাকে। এ সময় তার পরনে ছিল গোলাপি রঙের জমকালো শাড়ি। হাতে ও গলায় ছিল সোনার গহনা।

কোরবানির ব্যস্ততার মাঝেও ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে পোজ দিতে দেখা যায় তাকে, যা মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে।

ভিডিওতে আরও দেখা যায়, তার চারপাশে চাটাইয়ের ওপর ছড়িয়ে রাখা রয়েছে বিপুল পরিমাণ কাঁচা মাংস। সেটি দেখে অনেকে ধারণা করছেন, প্রতি বছরের মতো এবারও কোরবানি দিয়েছেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, কোরবানির ঈদে প্রায়ই ছাগল কোরবানি দিতে দেখা যায় অপু বিশ্বাসকে। ভক্তদের ধারণা, এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। ভাইরাল হওয়া ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া ও আলোচনা।