যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত বন্ধে হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে কার্যকর ভূমিকা রাখায় পাকিস্তান (Pakistan) এবং মানবিক অবস্থানের জন্য মালয়েশিয়া (Malaysia)-কে ধন্যবাদ জানিয়েছেন ইরান (Iran)-এর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান (Masoud Pezeshkian)।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান জানান, মালয়েশিয়া ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপকালে তিনি কূটনীতির প্রতি ইরানের প্রতিশ্রুতির বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন।
ইরানি প্রেসিডেন্ট বলেন, মালয়েশিয়ার মানবিক অবস্থান এবং পাকিস্তানের কার্যকর উদ্যোগের কারণে যুদ্ধ বন্ধের এই সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে। তিনি দুই দেশের ভূমিকাকে ইতিবাচক ও সময়োপযোগী বলেও উল্লেখ করেন।
নিজেদের পররাষ্ট্রনীতির অবস্থান পুনর্ব্যক্ত করে মাসুদ পেজেশকিয়ান আরও বলেন, মুসলিম বিশ্ব এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা আরও জোরদার করাই তেহরানের অন্যতম অগ্রাধিকার।
বিশ্লেষকদের মতে, চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরানের এই বক্তব্য মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করার কূটনৈতিক বার্তাও বহন করছে।


