নেদারল্যান্ডসের রটারডাম (Rotterdam) শহরের একটি ঐতিহাসিক মসজিদে হামলা, ভাঙচুর এবং অশোভন আচরণের ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে। হামলাকারীরা মসজিদের একটি মোজাইক দেয়াল ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি ভবনের দিকে বিয়ারের বোতল নিক্ষেপ করে এবং মসজিদের সামনের অংশে প্রস্রাব করেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মে) রাত ১০টা ৪০ মিনিটের দিকে মেভলানা মসজিদ (Mevlana Mosque)-এ এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ছয়জন অজ্ঞাত ব্যক্তি হামলায় জড়িত ছিল।
ঘটনার পর গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন নেদারল্যান্ডস (Islamic Foundation Netherlands – ISN)। শুক্রবার (২৯ মে) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, হামলার সময় মসজিদ কর্তৃপক্ষ বারবার পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি। হামলাকারীরা স্থান ত্যাগ করার অনেক পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বলে অভিযোগ করা হয়েছে।
আইএসএনের দাবি, ঘটনাস্থলে পৌঁছানোর পরও পুলিশ কর্মকর্তারা বিষয়টিকে এমন কোনো পরিস্থিতি হিসেবে বিবেচনা করেননি, যেখানে সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন ছিল। সংস্থাটির মতে, এত গুরুতর ঘটনার পর পুলিশের এমন মূল্যায়ন অত্যন্ত হতাশাজনক এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে বলা হয়, হামলার ঘটনাটির পাশাপাশি পুলিশের দীর্ঘ বিলম্বিত প্রতিক্রিয়াও স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এতে ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
আইএসএন আরও উল্লেখ করেছে, সাম্প্রতিক সময়ে মুসলিম সম্প্রদায় ও মসজিদগুলোকে লক্ষ্য করে হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এর ফলে মুসল্লিদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে এবং অনেকেই নিজেদের ক্রমশ অনিরাপদ মনে করছেন।
আনাদোলু এজেন্সি (Anadolu Agency)-এর প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম ও ধর্মীয় উপাসনালয়গুলোর ওপর ক্রমবর্ধমান হামলা উদ্বেগজনক মাত্রা পাচ্ছে। সংস্থাটি জোর দিয়ে বলেছে, যে কোনো পরিস্থিতিতে ইবাদতকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভয়ভীতি ছাড়া ধর্ম পালনের অধিকার রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ ঘটনার পর আইএসএন পুলিশের কথিত নিষ্ক্রিয়তা এবং হামলার বিষয়ে আনুষ্ঠানিক ফৌজদারি অভিযোগ দায়ের করেছে। একই সঙ্গে ঘটনাটির দ্রুত ও অগ্রাধিকারভিত্তিক তদন্ত দাবি করেছে সংস্থাটি।


