সাভারের বাজারে ‘ধাক্কা’ ও পোশাক নিয়ে মন্তব্যের অভিযোগ, ক্ষোভ ঝাড়লেন নায়লা নাইম

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সঙ্গে ঘটে যাওয়া এক অপ্রীতিকর ঘটনার বর্ণনা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আলোচিত মডেল ও অভিনেত্রী নায়লা নাইম (Naila Nayem)।

সোমবার (১ জুন) রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক (Facebook) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, মায়ের সঙ্গে সাভার (Savar)-এর একটি স্থানীয় বাজারে সবজি কিনতে গেলে এক ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং তার পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

পোস্টে নায়লা নাইম লেখেন, ‘এটা স্বাধীন রাষ্ট্র? আমাকে উত্তর দিন? ব্যক্তিগতভাবে যারা আমাকে চেনেন সবাই জানেন আমি কতটুকু শালীন পোশাক পরে চলাফেরা করি। উল্লেখ্য, আমি একজন অরাজনৈতিক ব্যক্তি।’

ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি জানান, মায়ের সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে সবজি কিনছিলেন। এমন সময় টুপি পরা ও দাড়িওয়ালা মধ্যবয়সী এক ব্যক্তি হঠাৎ তার কাছে এসে তাকে দুই হাত দিয়ে ধাক্কা দেন।

নায়লা নাইমের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর বলেন, তার মাথায় পর্দা নেই এবং তিনি কেন এভাবে বাজারে বেপর্দা ঘোরাফেরা করছেন।

অভিনেত্রীর দাবি, পুরো ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে তিনি কিছু বুঝে ওঠার আগেই মাটিতে পড়ে যান। এতে তার হাত থেকে বাজারের ব্যাগ ছিটকে পড়ে এবং বাম হাতে আঘাত পান।

পোস্টে তিনি আরও লেখেন, ‘ঘটনার আকস্মিকতা আমি বুঝে ওঠার আগেই আম্মু আমাকে টেনে নিয়ে অটোতে করে ওখান থেকে সরে যায়।’

এ সময় তার মায়ের আতঙ্কের কথাও তুলে ধরেন তিনি। নায়লা নাইম জানান, তার মা তাকে কোনো ধরনের প্রতিক্রিয়া না দেখানোর জন্য অনুরোধ করেন।

তার দাবি অনুযায়ী, মা তখন তাকে বলেছিলেন, ‘গায়ে যদি কাপড় নিয়ে ফিরতে চাও, একটা টুঁ শব্দ করবে না।’

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে নায়লা নাইম লেখেন, ‘আমার মা এখনো ভয়ে কাঁপছে। থুঁতু মারলাম এ রাষ্ট্রের কপালের মধ্যে।’

তবে ঘটনার বিষয়ে তিনি থানায় কোনো অভিযোগ দায়ের করেছেন কি না, সে বিষয়ে পোস্টে স্পষ্ট করে কিছু জানাননি।