শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ৭ দিনের সময় বেঁধে দিল ককরোচ জনতা পার্টি

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)-এর পদত্যাগের দাবিতে নতুন করে চাপ সৃষ্টি করেছে আলোচিত ককরোচ জনতা পার্টি (Cockroach Janata Party)। সাত দিনের মধ্যে পদত্যাগ না করলে দেশব্যাপী বৃহৎ পরিসরের বিক্ষোভ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

শনিবার (৬ জুন) সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে এ ঘোষণা দেন সিজেপির মুখপাত্র সৌরভ দাস (Sourav Das) ও আশুতোষ রাংকা (Ashutosh Rangka)। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম, যার মধ্যে টাইমস অব ইন্ডিয়া (The Times of India)-ও রয়েছে, এ তথ্য প্রকাশ করেছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিজেপি নেতারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিক্ষোভে অংশ নেওয়া কর্মী-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের দাবি, আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণ প্রত্যাশার চেয়েও বেশি ছিল।

এর আগে একই দিন চলমান বিক্ষোভ কর্মসূচির সময় বিকেল পাঁচটার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিল সংগঠনটি। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, ওই কর্মসূচিতে আনুমানিক ৬ থেকে ৭ হাজার মানুষ অংশ নিয়েছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ককরোচ জনতা পার্টি। তাদের দেওয়া নতুন এই সময়সীমা ও সম্ভাব্য কর্মসূচি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা।