রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চুরির এক ব্যতিক্রমী ঘটনার কথা তুলে ধরেছেন ববি হাজ্জাজ (Bobi Hajjaj)। এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যক্তিগত উদ্যোগে স্থাপন করা সিসি ক্যামেরাও চুরির শিকার হয়েছে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৯ জুন) বিকেলে মোহাম্মদপুর (Mohammadpur) এলাকার রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত এক উন্মুক্ত টাউন হল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
এলাকার নিরাপত্তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেন, নিরাপত্তা জোরদারের লক্ষ্যে তিনি নিজ উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন করেছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই সেই সিসি ক্যামেরা চুরি হয়ে যায়। এই ঘটনাকে তিনি এলাকার বর্তমান নিরাপত্তা পরিস্থিতির একটি বাস্তব প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করেন।
স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, শুধু প্রশাসনের ওপর নির্ভর করে থাকলে হবে না, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ মানুষকেও সক্রিয়ভাবে অংশ নিতে হবে। সম্মিলিত উদ্যোগ ছাড়া অপরাধ নিয়ন্ত্রণ করা কঠিন।
সাম্প্রতিক সময়ে এলাকায় চাঁদাবাজি, স’\ন্ত্রা’\সী কর্মকাণ্ড এবং চুরি-ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে তিনি জানান, তার সহকর্মী নুর ইসলাম (Nur Islam) সম্প্রতি নিরাপত্তাহীনতার কারণে হামলার শিকার হয়েছেন।
অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দ্রুত কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান ববি হাজ্জাজ। তিনি বলেন, খুব শিগগিরই এ-সংক্রান্ত কমিটি গঠন করা হবে। পাশাপাশি এলাকায় পুলিশের টহল কার্যক্রম আরও বাড়ানোর চেষ্টা চলছে। তবে দীর্ঘমেয়াদে পরিস্থিতির উন্নতির জন্য নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন প্রয়োজন বলে তিনি মনে করেন।
অপরাধীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে ববি হাজ্জাজ বলেন, মোহাম্মদপুরে কোনো ধরনের স’\ন্ত্রা’\স, আগ্রাসন কিংবা চাঁদাবাজি বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।
সভায় স্থানীয় বাসিন্দারা তীব্র গ্যাস সংকটের বিষয়টিও তুলে ধরেন। জবাবে প্রতিমন্ত্রী বলেন, গ্যাস সংকট শুধু মোহাম্মদপুরের সমস্যা নয়, এটি বর্তমানে সারা দেশের একটি বাস্তবতা। তবে যেসব এলাকায় সরকারি অনুমোদন অনুযায়ী গ্যাস সরবরাহের লাইন রয়েছে, সেখানে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংযোগ সম্প্রসারণের লক্ষ্যে সরকারের কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।
উন্মুক্ত টাউন হল সভায় ঢাকা-১৩ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা সরাসরি নিজেদের এলাকার নানা সমস্যা ও জনদুর্ভোগের বিষয়গুলো প্রতিমন্ত্রীর সামনে তুলে ধরেন।
