সিলেটের (Sylhet) আলোচিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে (Md. Sarwar Alam) হঠাৎ বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে (Ministry of Public Administration) উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে তাকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু (Jeti Pru) স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হলো। রোববারই আদেশটি জারি করা হয়েছে বলে জানা গেছে।
তবে কী কারণে তাকে হঠাৎ প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে আদেশে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। একই সঙ্গে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে সম্পর্কেও আদেশে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, সোমবার তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে।
সিলেটে দায়িত্ব নেওয়ার পর শুরুর দিকে সারওয়ার আলমের বিভিন্ন কর্মকাণ্ড বেশ প্রশংসিত হয়েছিল। তবে সম্প্রতি হযরত শাহজালাল (রহ.) মাজারের (Hazrat Shahjalal Shrine) আয়-ব্যয়ের হিসাবে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নেওয়া তার কিছু প্রশাসনিক পদক্ষেপ ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।
সংশ্লিষ্ট মহলে ধারণা করা হচ্ছে, মাজারের আয়-ব্যয় ও দান ব্যবস্থাপনা ঘিরে নেওয়া এসব পদক্ষেপের জেরেই তাকে বদলি করা হয়ে থাকতে পারে। যদিও প্রত্যাহারের আদেশে এ বিষয়ে কিছু বলা হয়নি।
গত বৃহস্পতিবার মাজারের দানের ডেগ সিলগালা করে জেলা প্রশাসনের উদ্যোগে আলাদা দানবাক্স বসান সারওয়ার আলম। ওই দানবাক্সের নিরাপত্তায় আনসার (Bangladesh Ansar) সদস্য নিয়োগের পাশাপাশি সেখানে সিসি ক্যামেরাও স্থাপন করেন জেলা প্রশাসক।

