নারী কেলেঙ্কারি, দু’র্নীতি এবং অসদাচরণের অভিযোগ ওঠায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (Bangladesh Inland Water Transport Authority—BIWTA)-এর বন্দর ও পরিবহণ বিভাগের পরিচালক এ কে এম আরিফ উদ্দিন (A K M Arif Uddin)-কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার, ২৩ জুন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম (Md. Muhidul Islam) স্বাক্ষরিত এক দপ্তর আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
দপ্তর আদেশে বলা হয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আরিফ উদ্দিনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, দু’র্নীতি ও অসদাচরণের অভিযোগসংবলিত ভিডিও ক্লিপ প্রকাশিত হয়েছে। এসব ভিডিও ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের কর্মচারী চাকুরি প্রবিধানমালা, ১৯৯০-এর বিধি ৩৫-এর ‘খ’ ও ‘ঙ’ লঙ্ঘনের কারণে বিধি ৪১ (১) অনুযায়ী আরিফ উদ্দিনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। তবে এ সময় তাকে বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানবসম্পদ বিভাগে নিয়মিত হাজিরা দিতে হবে। সেই হাজিরার ভিত্তিতেই তার প্রাপ্য ভাতা পরিশোধ করা হবে বলে দপ্তর আদেশে জানানো হয়েছে।
এদিকে আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করার পর বন্দর ও পরিবহণ বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম (Md. Saiful Islam)-কে। তিনি নিজের নিয়মিত দায়িত্বের পাশাপাশি বন্দর ও পরিবহণ বিভাগের এ দায়িত্ব পালন করবেন।
