পায়ে প্লাস্টার নিয়ে হুইলচেয়ারে পরীমণি, উদ্বিগ্ন ভক্তরা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি (Pori Moni)-র হঠাৎ অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছে তার ভক্ত-অনুরাগীদের মধ্যে। শুক্রবার সামাজিক মাধ্যমে প্রকাশ করা দুটি ভিডিওতে তাকে বাম পায়ে প্লাস্টার ও ব্যান্ডেজ নিয়ে হুইলচেয়ারে বসে থাকতে দেখা যায়।

প্রথম ভিডিওতে নিজের প্লাস্টার করা পা দেখিয়ে পরীমণি মজার ছলে ক্যাপশনে লেখেন, ‘ঠ্যাং (পা) এ নজর লেগেছে।’ এমন হালকা রসিকতার ভেতরেও ভক্তদের চোখ এড়ায়নি তার শারীরিক অস্বস্তি। তবে ঠিক কী কারণে তার পায়ে আঘাত লেগেছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি অভিনেত্রী।

এরপর প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসা পরীমণির বাম পায়ে ব্যান্ডেজ ও প্লাস্টার করা। ভিডিওটি কোনো হাসপাতাল থেকে ধারণ করা হয়েছে বলে ধারণা করছেন অনেকেই। দৃশ্যটি সামনে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে আলোচনা শুরু হয়।

অভিনেত্রীর এমন অবস্থা দেখে উদ্বেগ প্রকাশ করছেন ভক্তরা। কমেন্টে অনেকেই জানতে চেয়েছেন, কী হয়েছে তার। আবার অনেকে দ্রুত সুস্থতা কামনা করেছেন। শোবিজ (Showbiz) অঙ্গনের সহকর্মীরাও তার আরোগ্য কামনা করে মন্তব্য করছেন।

এদিকে পরীমণির শারীরিক অবস্থার বিষয়ে জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। ফলে ঠিক কী কারণে তিনি আ’\হত হয়েছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানা যায়নি।