ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (Ayatollah Ali Khamenei)-কে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরান (Tehran)-এ শুরু হয়েছে বিশাল শোক র্যালি। সোমবার (৬ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এই র্যালিতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ সমবেত হয়েছেন। এ তথ্য জানিয়েছে প্রেস টিভি (Press TV)।
কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, খামেনির জানাজা ও শোক র্যালিতে আধুনিক ইতিহাসের অন্যতম বৃহত্তম জনসমাগমের সাক্ষী হচ্ছে ইরান। ভোর থেকেই তেহরানের বিভিন্ন সড়কে শোকার্ত মানুষের ঢল নামে, যেখানে সর্বস্তরের মানুষ প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে উপস্থিত হন।
স্থানীয় সময় সোমবার সকাল ৬টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে শোক র্যালির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এর আগে দুই দিন ধরে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানেই খামেনির মরদেহ রাখা হয়েছিল।
আয়োজকদের তথ্য অনুযায়ী, শোক র্যালিটি ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত চলতে পারে। র্যালিটি দামাভান্দ স্ট্রিট, ইমাম হুসেন স্কয়ার, ইনকিলাব স্ট্রিট, আজাদি স্ট্রিট, আজাদি স্কয়ার এবং মেহরাবাদ বিমানবন্দরের নিকটবর্তী শহীদ লাশগরি হাইওয়ে অতিক্রম করে প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দেবে।
রোববার ইরানের অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানী (Ayatollah Jafar Sobhani) জানাজার নামাজে ইমামতি করেন। ওই জানাজায় আয়াতুল্লাহ আলি খামেনির পাশাপাশি তার জামাতা ড. মেসবাহ-উল-হোদা বাঘেরি-কানি, মেয়ে জাহরা হাদ্দাদ-আদেল, ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী-গোলপায়েগানি এবং সাইয়েদেহ বুশরা হোসেইনির জন্যও দোয়া করা হয়।
প্রেস টিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়া (Russia), চীন, ভারত, পাকিস্তান, ইরাক, তাজিকিস্তান ও তুরস্কসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিদলও শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে তেহরানে পৌঁছেছে।
আগামী মঙ্গলবার পবিত্র কোম শহরে আয়াতুল্লাহ আলি খামেনির আরও একটি জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর বুধবার তার মরদেহ ইরাকের নজফে ইমাম আলী (আ.)-এর পবিত্র মাজার এবং কারবালায় ইমাম হুসাইন (আ.) ও হযরত আব্বাস (আ.)-এর পবিত্র মাজারে নেওয়া হবে।
খামেনির শেষ ইচ্ছা অনুযায়ী, আগামী ৯ জুলাই মাশহাদ (Mashhad)-এ অবস্থিত ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।


