বাবার পদবি বাদ দিয়ে নতুন নামে ইয়াইর, নেতানিয়াহুর ছেলের পরিচয় পরিবর্তন ঘিরে নতুন আলোচনা

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)-র ছেলে ইয়াইর নেতানিয়াহু (Yair Netanyahu) জন্মদাতা পিতার দেওয়া পদবি পরিবর্তন করেছেন। বর্তমানে তার নতুন নাম ‘ইয়োনাথান হুন’। তিন ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়। অতীতেও ‘হুন’ পদবি ব্যবহার করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ‘ইয়াইর হুন’ নামেও পরিচয় দিতেন।

বুধবার (৮ জুলাই) এ তথ্য প্রকাশ করেছে ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ (Haaretz)।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ডিসেম্বরে ইস্যু করা কর-সংক্রান্ত নথিতে তার নাম ছিল ‘ইয়াইর নেতানিয়াহু’। তবে চলতি বছরের নথিতে একই পরিচয়সংক্রান্ত তথ্যের সঙ্গে নতুন নাম ‘ইয়োনাথান হুন’ ব্যবহার করা হয়েছে। সেখানে ঠিকানা হিসেবে আগের মতোই ‘বালফোর ০’ উল্লেখ করা হয়েছে, যা ‘কাল্পনিক’ ঠিকানা হিসেবেই বেশি পরিচিত।

হারেৎজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এমন এক সময়ে এই নাম পরিবর্তনের বিষয়টি সামনে এলো, যখন নেতানিয়াহু পরিবার দেশ-বিদেশে রাজনৈতিক ও আইনি নানা বিতর্কের মুখোমুখি।

গাজায় যুদ্ধকে কেন্দ্র করে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (International Criminal Court)-এর পক্ষ থেকে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে পারিবারিক ব্যবসায়িক সম্পর্ক এবং ধনী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের বিষয়েও অতীতে ইয়াইর বিতর্কের মুখে পড়েছিলেন।

২০১৮ সালে ইসরাইলি টেলিভিশনে প্রচারিত একটি অডিও রেকর্ডিংয়ে ইয়াইরকে একটি স্ট্রিপ ক্লাবের বাইরে বলতে শোনা যায়, তার বাবা এক ধনকুবেরের স্বার্থে বহু বিলিয়ন ডলারের একটি গ্যাস চুক্তি এগিয়ে নিতে সহায়তা করেছিলেন। ওই রেকর্ডিং প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এরপর থেকে ইয়াইর যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। পাশাপাশি বিভিন্ন রক্ষণশীল ও উগ্র-ডানপন্থি রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে তার সম্পৃক্ততা নিয়েও আলোচনা হয়েছে। অন্যদিকে বেনিয়ামিন নেতানিয়াহুও ইসরাইলে একাধিক দুর্নীতির মামলার বিচারপ্রক্রিয়ার মুখোমুখি রয়েছেন।