জয়ের কটাক্ষের পাল্টা জবাব ওমর সানির, দিলেন ‘অরিজিনাল চাবুক’ অর্ডারের হুঁশিয়ারি

উপস্থাপক, অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয় (Shahriar Nazim Joy)-কে উদ্দেশ করে ফেসবুকে পাল্টা পোস্ট দিয়েছেন ঢালিউড অভিনেতা ওমর সানি (Omar Sani)। জয়ের ব্যঙ্গাত্মক মন্তব্যের জবাবে তিনি ‘অরিজিনাল চাবুক অর্ডার’ দেওয়ার কথা লিখে তাকে প্রস্তুত ও সতর্ক থাকতে বলেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে ওমর সানি লেখেন, ‘শোন শাহরিয়ার নাজিম জয়, তোর আপা মৌসুমী শুটিংয়ে তুলার তৈরি চাবুক ব্যবহার করেছে। আর তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি।’

তবে পোস্টের শেষেই পুরো বিষয়টিকে ‘খেলাধুলা ফান’ হিসেবে উল্লেখ করেছেন এই অভিনেতা। অর্থাৎ পাল্টা মন্তব্যে কড়া ভাষা ব্যবহার করলেও সেটিকে রসিকতার অংশ হিসেবেই তুলে ধরেছেন তিনি।

এর আগে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি (Lionel Messi)-কে নিয়ে ওমর সানির একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। সেই বক্তব্য ঘিরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ব্যঙ্গাত্মক পোস্ট দেন শাহরিয়ার নাজিম জয়।

সেখানে জয় লিখেছিলেন, ‘ওমর সানি ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছে। ৯০ দশকে দেখতাম সিনেমাতে মৌসুমী (Moushumi) ওমর সানিকে চাবুক মারত। কেন মারত এখন বুঝেছি।’

জয়ের ওই পোস্ট প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভিড় করেন অসংখ্য নেটিজেন। তাদের অনেকেই মেসিকে নিয়ে ওমর সানির বক্তব্যের সমালোচনা করে ব্যঙ্গ-বিদ্রূপে অংশ নেন। কেউ পুরোনো বাংলা সিনেমায় ওমর সানি ও মৌসুমীর চাবুক মারার দৃশ্যের প্রসঙ্গ টেনে আনেন, আবার কেউ বিভিন্ন রসিকতাপূর্ণ মন্তব্য করেন।

এরই ধারাবাহিকতায় জয়ের পোস্টের জবাব দিয়ে নিজের অবস্থান জানান ওমর সানি। নতুন ফেসবুক পোস্টে ‘অরিজিনাল চাবুক’ অর্ডার দেওয়ার কথা লিখলেও শেষাংশে ‘সাবজেক্ট খেলাধুলা ফান’ উল্লেখ করে বিষয়টিকে রসিকতা হিসেবেই উপস্থাপন করেন তিনি।