পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, বিকালে জরুরি সংবাদ সম্মেলন স্পিকারের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (Mohammed Shahabuddin) পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকালে গণমাধ্যমের কাছে তিনি নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে সাহাবুদ্দিন বলেন, ‘এটা তো সর্বজনবিদিত, আমার মুখ থেকে শুনে কী লাভ? আই অ্যাম সিক, সো ইট ইজ ডান।’

পদত্যাগপত্রে স্বাক্ষর করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বলে দিছি, বুঝে নেন।’

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কয়েক দিন ধরে চলা আলোচনার মধ্যেই শুক্রবার বিদেশ সফর সংক্ষেপ করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের (Jatiya Sangsad) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম (Hafiz Uddin Ahmad Bir Bikram)। দেশে ফিরে তিনি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন।

শুক্রবার বিকাল ৫টায় জাতীয় সংসদের শপথ কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ এবং পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে স্পিকার সংবাদ সম্মেলনে কথা বলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

নির্ধারিত সময়ের দুদিন আগেই দেশে স্পিকার

চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তার দেশে ফেরার কথা ছিল এবং সেদিনের জন্যই ফিরতি টিকিট কাটা হয়েছিল।

কিন্তু বুধবার থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে সফর সংক্ষেপ করে নির্ধারিত সময়ের দুই দিন আগেই শুক্রবার দুপুরে দেশে ফেরেন স্পিকার।

রাষ্ট্রপতির পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ পদের দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

‘ওরা আমাকে চলে যেতে বলেছেন’

বঙ্গভবনে (Bangabhaban) দায়িত্ব পালনকারী এক কর্মকর্তা যুগান্তরকে (Jugantor) বলেন, ‘স্যার দুদিন আগে জানিয়েছেন যে, ওরা আমাকে (রাষ্ট্রপতি) চলে যেতে বলেছেন। হয়তো আমার চলে যেতে হবে। তোমরা চলতি মাসের মধ্যেই বঙ্গভবন ছেড়ে যার যার মতো করে চলে যাও।’

রাষ্ট্রপতি তার বক্তব্যে ‘ওরা’ বলতে কাদের বুঝিয়েছেন, সে বিষয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা কোনো মন্তব্য করতে চাননি।

মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালে

মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সাংবিধানিক মেয়াদ অনুযায়ী ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত তার দায়িত্বে থাকার কথা ছিল।

তিনি বাংলাদেশের একমাত্র রাষ্ট্রপতি, যিনি সময়ের ব্যবধানে তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করিয়েছেন। তবে মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই বছর আগেই তার পদত্যাগের মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন পরিবর্তনের সূচনা হলো।