অপু-বুবলী নন, ইংলিশ মিডিয়ামের সেই তরুণীকেই বিয়ে করতে চেয়েছিলেন শাকিব

শাকিব খানের (Shakib Khan) ব্যক্তিজীবনের অনেক অধ্যায়ই সময়ের সঙ্গে প্রকাশ্যে এসেছে। চিত্রনায়িকা অপু বিশ্বাস (Apu Biswas) ও শবনম বুবলীর (Shabnam Bubly) সঙ্গে ভিন্ন সময়ে বিবাহবন্ধনে জড়িয়েছেন তিনি। দুই সংসারে সন্তানের বাবাও হয়েছেন ঢালিউডের এই তারকা। তবে এবার নিজের অতীতের এক অজানা ভালোবাসার কথা সামনে আনলেন শাকিব। জানালেন, অপু বা বুবলী নন—একসময় ইংরেজি মাধ্যমের এক তরুণীকেই জীবনসঙ্গী করতে চেয়েছিলেন তিনি।

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ের (Channel i) অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ অতিথি হয়ে এসেছিলেন শাকিব খান। অনুষ্ঠানটি উপস্থাপনা করছিলেন তার দীর্ঘদিনের সহকর্মী চিত্রনায়িকা পূর্ণিমা (Purnima)। আলাপচারিতার একপর্যায়ে পূর্ণিমার কাছেই নিজের মনের গভীরে জমে থাকা সেই অসমাপ্ত প্রেমের গল্প তুলে ধরেন মেগাস্টার।

শাকিব জানান, একসময় গুলশানের (Gulshan) ইংরেজি মাধ্যমের এক তরুণীর প্রেমে পড়েছিলেন তিনি। মেয়েটির বাড়িও ছিল তার বাসার কাছাকাছি। দুজনের সম্পর্ক খুব বেশি দূর এগোয়নি, তবে সেই অসমাপ্ত ভালোবাসার স্মৃতি এখনও তাকে নাড়া দেয়।

আবেগঘন কণ্ঠে শাকিব বলেন, ‘আমার বাসার কাছাকাছি ছিল ওর বাড়ি। দেখতেও ভীষণ সুন্দর ছিল। আমি কিন্তু তার সঙ্গেই সেটেলড হতে চেয়েছিলাম। আমি মনে মনে সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। আমাকে মেয়েটি খুব ভালোবাসত। আমি সত্যিই তার সঙ্গেই সংসার করতে চেয়েছিলাম।’

জীবনের হিসাব কখনো কখনো মানুষের ভাবনার বাইরে চলে যায়—নিজের সেই অভিজ্ঞতার কথাও আক্ষেপের সুরে তুলে ধরেন অভিনেতা। তিনি বলেন, ‘মাঝে মাঝে একা বসে ভাবি—আমি চাইলাম কাকে, ভালোবাসলাম কাকে, আর কোথায় গেলাম!’

সেই তরুণীকে এখনও মনে পড়ে কি না, পূর্ণিমার সঙ্গে কথোপকথনে সেটিও খোলামেলাভাবে জানান শাকিব। বলেন, ‘আমি এখনও তাকে মিস করি। মাঝেমাঝেই যখন একা থাকি, তখন ভাবি যে কেন এরকম হলো! সম্পর্কে যখন ভালোবাসাবাসি বেশি হয়ে যায়, তখন মনে হয় এরকম হয়ে যায়।’