ফেসবুক অনুসারীতে সবাইকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি, পেছনে সাকিব

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি (Pori Moni)। প্রায় এক দশকের অভিনয়জীবনে চলচ্চিত্রের চেয়ে ব্যক্তিজীবনের নানা ঘটনা নিয়েই বহুবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। এবার অবশ্য নতুন এক রেকর্ড গড়ে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এই অভিনেত্রী।

বাংলাদেশের শোবিজ অঙ্গনের বহুল আলোচিত এই তারকা সম্প্রতি ফেসবুক অনুসারীর সংখ্যায় দেশের অন্য সব তারকাকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করেছেন। এমনকি দীর্ঘদিন ধরে এ তালিকায় সবার ওপরে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান (Shakib Al Hasan)-কেও পেছনে ফেলেছেন পরীমনি।

এর মধ্য দিয়ে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি ফেসবুক অনুসারীর মালিক হয়েছেন পরীমনি।

গত বছর পর্যন্তও দুই তারকার অনুসারীর সংখ্যা ছিল প্রায় সমান। একপর্যায়ে সাকিব আল হাসান আবারও ব্যবধান তৈরি করে এগিয়ে গিয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে পরীমনির অনুসারীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। সেই ধারাবাহিকতায় শেষ পর্যন্ত সাকিবকে টপকে তালিকার শীর্ষস্থান নিজের করে নেন তিনি।

সোমবার (২৮ জুলাই) সকালে দুই তারকার ফেসবুক পেজ ঘুরে দেখা যায়, পরীমনির অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখেরও বেশি। অন্যদিকে সাকিব আল হাসানের অনুসারীর সংখ্যা ১ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে। অর্থাৎ, এই মুহূর্তে দুই তারকার অনুসারীর সংখ্যার ব্যবধান প্রায় ১০ লাখ।

তবে শুধু অনুসারীর সংখ্যাতেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ধরনেও দুই তারকার মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। সাকিব আল হাসানের ফেসবুক পেজ থেকে অনুসরণ করা হয় মাত্র ছয়জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পেজ। এই সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi), বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মুশফিকুর রহিম (Mushfiqur Rahim), মাহমুদউল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন।

এ ছাড়া সাকিবের অনুসরণের তালিকায় রয়েছে সাকিব আল হাসান ফাউন্ডেশন এবং ফরচুন বরিশাল (Fortune Barishal)-এর অফিশিয়াল ফেসবুক পেজ।

অন্যদিকে পরীমনির ফেসবুক পেজ থেকে অনুসরণ করা হয় ১৬১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পেজ। তার অনুসরণের তালিকাটি তুলনামূলকভাবে অনেক বিস্তৃত। সেখানে লিওনেল মেসির পাশাপাশি রয়েছেন ঢাকাই সিনেমার তারকা শাকিব খান (Shakib Khan), শাবনূর, হৃতিক রোশন, বিদ্যা বালান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর, মরগান ফ্রিম্যান ও টেইলর সুইফটসহ দেশি-বিদেশি বিনোদন ও ক্রীড়াঙ্গনের বহু পরিচিত তারকা।