মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদতের মাস পবিত্র রমজান এবং আনন্দের উৎসব ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে প্রাথমিক প্রাক্কলন প্রকাশ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। হিজরি ১৪৪৮ সনের ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে জর্ডান নিউজ (Jordan News)।
জ্যোতির্বিজ্ঞানভিত্তিক হিসাব এবং সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার–সংক্রান্ত ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) মধ্যপ্রাচ্যে পবিত্র রমজানের প্রথম রোজা পালিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
প্রাক্কলনে বলা হয়েছে, ১৪৪৮ হিজরির শাবান মাসের ২৯ তারিখ, অর্থাৎ ৬ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। ফলে শাবান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসাবে ৮ ফেব্রুয়ারি থেকে সিয়াম সাধনা শুরু হতে পারে।
একই প্রতিবেদনে ২০২৭ সালের পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখও উল্লেখ করা হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের গণনা অনুযায়ী, ১৪৪৮ হিজরির রমজান মাস এবার ২৯ দিনের হতে পারে। সেই গাণিতিক হিসাব অনুযায়ী, ৮ মার্চ (সোমবার) রমজান মাস শেষ হবে এবং ৯ মার্চ (মঙ্গলবার) মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, হিজরি ১৪৪৮ সনের শুরু নিয়ে বিভিন্ন মুসলিম দেশের মধ্যে একদিনের পার্থক্য দেখা গিয়েছিল। কিছু দেশে ১৬ জুন ২০২৬ তারিখে নতুন হিজরি বছর শুরু হলেও অন্য দেশগুলোতে ১৭ জুন থেকে মহরম মাস গণনা শুরু হয়। সময়ের এই পার্থক্যের কারণে চাঁদ দেখার ক্ষেত্রেও স্থানীয়ভাবে ভিন্নতা দেখা দিতে পারে।
তবে ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, রমজান মাসের সূচনা এবং ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ প্রতি বছরের মতো সংশ্লিষ্ট দেশের স্থানীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমেই নির্ধারিত হবে। জ্যোতির্বিজ্ঞানীদের এই হিসাব মূলত আগাম প্রস্তুতি এবং সম্ভাব্য সময়সূচি সম্পর্কে ধারণা দেওয়ার উদ্দেশ্যে প্রকাশ করা হয়ে থাকে।
