মুম্বাইয়ে ১৮ কোটি রুপির নতুন ফ্ল্যাট কিনলেন বিরাট-আনুশকা

ভারতের তারকা দম্পতি বিরাট কোহলি (Virat Kohli) ও আনুশকা শর্মা (Anushka Sharma) আবারও বড় অঙ্কের রিয়েল এস্টেট বিনিয়োগে আলোচনায় এসেছেন। এবার মুম্বাইয়ের (Mumbai) ভারসোভা (Versova) এলাকায় একটি বিলাসবহুল আবাসিক প্রকল্পে নতুন ফ্ল্যাট কিনেছেন তারা। ফ্ল্যাটটির মূল্য প্রায় ১৮ কোটি ২৯ লাখ রুপি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই ফ্ল্যাটের আয়তন ২ হাজার ৬৪৪ বর্গফুট। বহুতল ভবনটির ওপরের দিকের একটি তলায় অবস্থিত ফ্ল্যাটটির সঙ্গে আরও ৩১৬ বর্গফুট ব্যবহারযোগ্য জায়গা যুক্ত রয়েছে। পাশাপাশি তিনটি গাড়ি রাখার জন্য নির্ধারিত পার্কিং সুবিধাও পেয়েছেন এই তারকা দম্পতি।

বিরাটের মুম্বাইয়ে বিলাসবহুল ফ্ল্যাট কেনার উদ্যোগ অবশ্য এবারই প্রথম নয়। ২০১৬ সালে শহরের ওরলি এলাকার সমুদ্রঘেঁষা একটি আবাসিক ভবনের ৩৫তম তলায় ৭ হাজার ১৭১ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট বুক করেছিলেন তিনি। চার শয়নকক্ষের সেই ফ্ল্যাটটির দাম ছিল প্রায় ৩৪ কোটি রুপি। তবে পরবর্তী সময়ে বুকিং বাতিল হওয়ায় চুক্তিটি আর বাস্তবায়িত হয়নি।

ভারসোভার নতুন ফ্ল্যাটটি যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিরাট ও আনুশকার সম্পত্তির তালিকা আরও দীর্ঘ হলো। মুম্বাইয়ের পাশাপাশি গুরুগ্রাম (Gurugram) ও আলিবাগে (Alibag) তাদের একাধিক বিলাসবহুল বাড়ি, ভিলা ও জমি রয়েছে। দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় রিয়েল এস্টেটে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করে আসছেন তারা।

পশ্চিম দিল্লিতে বেড়ে ওঠা বিরাটের গুরুগ্রামের ডিএলএফ ফেজ-১ এলাকায় প্রায় ১০ হাজার বর্গফুটের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। শহরের অন্যতম অভিজাত এলাকায় অবস্থিত বাড়িটির আনুমানিক মূল্য প্রায় ৮০ কোটি রুপি। ব্যক্তিগত সুইমিং পুল, আধুনিক জিম এবং দৈনন্দিন আরাম-আয়েশের জন্য প্রয়োজনীয় নানা সুযোগ-সুবিধা রয়েছে সেখানে।

চলতি বছরের জানুয়ারিতে আলিবাগের আওয়াস সমুদ্রসৈকতের কাছাকাছি জিরাড গ্রামে পাঁচ একরের বেশি জমি কেনেন বিরাট ও আনুশকা। ২০২৬ সালের জানুয়ারিতে কেনা সেই জমির মূল্য ছিল প্রায় ৩৭ কোটি ৮৬ লাখ রুপি। সমুদ্রসৈকতের কাছের এই বিনিয়োগ তাদের ক্রমবর্ধমান সম্পত্তির তালিকায় আরেকটি বড় সংযোজন হিসেবে উঠে আসে।

এরও আগে, ২০২২ সালে আলিবাগে প্রায় আট একর জমি ১৯ কোটি রুপিতে কিনেছিলেন এই দম্পতি। পরে ওই জমিতে একটি বিলাসবহুল ভিলা নির্মাণ করেন তারা। ভিলাটিতে রয়েছে তাপমাত্রা নিয়ন্ত্রিত সুইমিং পুল, বিশেষ নকশায় তৈরি রান্নাঘর, চারটি বাথরুম ও জাকুজি।

এ ছাড়া ভিলার চারপাশে রয়েছে বড় পরিসরের ল্যান্ডস্কেপ বাগান। গাড়ি রাখার জন্য ছাউনি দেওয়া পার্কিংয়ের পাশাপাশি কর্মীদের থাকার জন্যও সেখানে আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। মুম্বাইয়ের নতুন ফ্ল্যাট কেনার মধ্য দিয়ে আরও একবার স্পষ্ট হলো, আবাসন ও জমিতে বিনিয়োগের ক্ষেত্রে বিরাট-আনুশকার আগ্রহ এখনো অব্যাহত রয়েছে।