নতুন একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা (Rashmika Mandanna)। একটি নাচের দৃশ্য ধারণের সময় দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসকেরা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তাকে অন্তত ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
ভারতের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শারীরিকভাবে বেশ কঠিন একটি নাচের দৃশ্যের শুটিং চলাকালে দুর্ঘটনার শিকার হন রাশমিকা। পরে বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষায় চিকিৎসকেরা নিশ্চিত করেন, তার হিপের একটি টেনডন সম্পূর্ণ ছিঁড়ে গেছে।
চিকিৎসকদের মতে, এ ধরনের টেনডন ইনজুরি সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের মধ্যেই বেশি দেখা যায়, যারা দীর্ঘ সময় ধরে কঠোর শারীরিক অনুশীলন করেন। এ কারণে আপাতত সব ধরনের শারীরিক পরিশ্রম এবং পেশাগত কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে অভিনেত্রীকে।
জানা গেছে, ছয় সপ্তাহের বিশ্রাম শেষে ধাপে ধাপে পুনর্বাসন (রিহ্যাবিলিটেশন) প্রক্রিয়ার মধ্য দিয়ে আবারও কাজে ফিরবেন রাশমিকা।
এই দুর্ঘটনার প্রভাব পড়তে পারে তার ব্যস্ত শুটিং সূচিতেও। বর্তমানে একাধিক বড় বাজেটের সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এর মধ্যে রয়েছে রানাবালি (Ranabali) এবং মাইসা (Mysa)। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও তার বেশ কয়েকটি চুক্তিবদ্ধ কাজ রয়েছে।
তথ্য অনুযায়ী, বর্তমানে একসঙ্গে চারটি সিনেমার শুটিং করছেন রাশমিকা। ফলে চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী বাধ্যতামূলক এই বিশ্রামের কারণে তার চলমান প্রকল্পগুলোর সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাশমিকা মান্দানা কিংবা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
সূত্র: আউটলুক ইন্ডিয়া


