‘টক্সিক’ নিয়ে সমালোচনার মুখে কিয়ারা, সাহসী চরিত্রে অভিনয়ের সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেন অভিনেত্রী

ভারতের দক্ষিণী সুপারস্টার যশ (Yash)-এর সঙ্গে ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ (Toxic: A Fairy Tale for Grown Ups) চলচ্চিত্রে জুটি বেঁধে নতুন করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি (Kiara Advani)। সিনেমাটিতে বেশ কিছু ঘনিষ্ঠ ও সাহসী দৃশ্যে অভিনয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একশ্রেণির নেটিজেনের সমালোচনার মুখে পড়েছেন তিনি। সমালোচকদের একটি অংশের দাবি, মা হওয়ার পর এমন চরিত্রে অভিনয় করা তার জন্য সমীচীন হয়নি।

তবে এসব সমালোচনা ও ট্রলের জবাব দিয়েছেন কিয়ারা নিজেই। তিনি জানিয়েছেন, গল্প ও চরিত্রের গভীরতাই তাকে ‘টক্সিক’-এর মতো চ্যালেঞ্জিং প্রকল্পে কাজ করতে অনুপ্রাণিত করেছে। চলচ্চিত্র-সংশ্লিষ্টদের মতে, এটি কিয়ারা আদভানির অভিনয়জীবনের অন্যতম সাহসী ও বৈচিত্র্যময় কাজ হতে যাচ্ছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটিতে যুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করে কিয়ারা বলেন, ‘গল্পটা প্রথম যখন শুনি, তখনই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমার চরিত্রটি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। একজন অভিনেত্রী হিসেবে এমন চরিত্রই তো সব সময় খুঁজি। আমার মনে হয়েছিল, ক্যারিয়ারের এমন এক জায়গায় পৌঁছেছি, যেখানে এমন কঠিন একটি চরিত্র করার আত্মবিশ্বাস এসেছে।’

যদিও সিনেমায় কিয়ারার চরিত্র সম্পর্কে নির্মাতাদের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে যশের বিপরীতে ‘নাদিয়া’ চরিত্রে তার উপস্থিতি এবং সাহসী দৃশ্যগুলো ইতোমধ্যেই দর্শক ও অনুরাগীদের দৃষ্টি কেড়েছে।

নারী চরিত্রের প্রচলিত উপস্থাপন নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন এই অভিনেত্রী। কিয়ারার ভাষায়, ‘আমি চাই না, নারীদের এক ধরনের চরিত্রে আটকে রাখা হোক। আমরা তার চেয়ে অনেকটা এগিয়ে। তাহলে পর্দার চরিত্রও কেন তেমন হবে না?’

তিনি আরও বলেন, শক্তিশালী, স্বতন্ত্র এবং বাস্তবধর্মী নারী চরিত্রই পর্দায় বেশি উঠে আসা উচিত। তার বিশ্বাস, ‘টক্সিক’-এ তিনি ঠিক এমনই একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন।

প্রসঙ্গত, ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন আপস’-এর চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন যশ এবং গীতু মোহনদাস (Geethu Mohandas)। সিনেমাটি পরিচালনাও করছেন গীতু মোহনদাস। প্রযোজনা সূত্রে জানা গেছে, এটি মূলত ইংরেজি ও কন্নড়—এই দুই ভাষায় একসঙ্গে শুট করা হয়েছে। পরে হিন্দি, তেলুগু, তামিল, মালয়ালমসহ একাধিক আঞ্চলিক ও আন্তর্জাতিক ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।