দীর্ঘদিন ধরে কোরিওগ্রাফার হিসেবে কাজ করে পরিচিতি পেয়েছেন অ্যাডলফ খান (Adolf Khan)। আকর্ষণীয় উপস্থিতি ও ‘সুদর্শন পুরুষ’ হিসেবে দর্শকমহলেও আলাদা পরিচিতি রয়েছে তার। তবে এবার সেই চেনা পরিচয়ের গণ্ডি ছাড়িয়ে অভিনয়ে আরও বড় ও ভিন্নধর্মী চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন এই কোরিওগ্রাফার।
মো. ইকবাল (Md. Iqbal) পরিচালিত নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন অ্যাডলফ খান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিনেমাটিতে তাকে দেখা যাবে একজন যৌ’\নক’\র্মীর দালালের ভূমিকায়। পরিচিত ইমেজের বাইরে এমন একটি চরিত্রে তার অভিনয় দর্শকদের সামনে নতুন এক অ্যাডলফ খানকে তুলে ধরবে বলে মনে করছেন নির্মাতা।
শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। সেখানেই আনুষ্ঠানিকভাবে অ্যাডলফ খানের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে নির্মাতা জানান, গল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রের জন্য তাকে নির্বাচন করা হয়েছে।
অ্যাডলফ খানকে নেওয়ার কারণ ব্যাখ্যা করে মো. ইকবাল বলেন, ‘চরিত্রটির জন্য এমন একজন শিল্পীর প্রয়োজন ছিল, যিনি নিজের উপস্থিতি ও ব্যক্তিত্ব দিয়ে আলাদা ছাপ ফেলতে পারবেন। সেই বিবেচনা থেকেই অ্যাডলফ খানকে নেওয়া হয়েছে।’
নতুন সিনেমাটির সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত অ্যাডলফ খানও। কোরিওগ্রাফির পাশাপাশি অভিনয়ের প্রতিও নিজের ভালোবাসার কথা জানিয়ে তিনি বলেন, ‘কোরিওগ্রাফির পাশাপাশি অভিনয়ও আমার ভালোবাসার জায়গা। “গুলশানের চামেলি”-তে এমন একটি চরিত্র পেয়েছি, যেখানে নিজেকে নতুনভাবে উপস্থাপনের সুযোগ রয়েছে। দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব।’
জানা গেছে, ‘গুলশানের চামেলি’ নির্মিত হচ্ছে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের আড়ালে থাকা অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন একজন যৌ’\নক’\র্মী, যিনি কোনো অপরাধ না করেও বারবার ক্ষমতার নির্মম খেলার শিকার হন। সেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarkar)।
সিনেমাটিতে অ্যাডলফ খান ও মধুমিতা সরকারের পাশাপাশি অভিনয় করবেন রোজিনা, আজমেরী হক বাঁধন (Azmeri Haque Badhon), ওমর সানী (Omar Sani), মিশা সওদাগর (Misha Sawdagor), আশীষ খন্দকার, মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।


