জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্মৃতি নিয়ে আজ ‘সাউন্ড অব জুলাই’, রবীন্দ্রসরোবরে প্রতিবাদী গান-কবিতার আয়োজন

জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্মৃতি, প্রতিবাদ এবং আত্মত্যাগকে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে আজ বিকেলে রাজধানীর রবীন্দ্রসরোবরে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ আয়োজন ‘সাউন্ড অব জুলাই’। ‘চলুন এক সঙ্গে গাই–জুলাইয়ের গান’ শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠান বিকেল ৫টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

July Revolutionary Alliance (জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স) আয়োজিত এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করছে বিডিজবস (BDJobs)। সবার জন্য উন্মুক্ত এই আয়োজনে অংশ নিতে রাখা হয়েছে বিনামূল্যে নিবন্ধনের সুযোগ।

আয়োজকদের ভাষ্য, জুলাইয়ের রক্তঝরা দিনগুলোর স্মৃতি, প্রতিবাদ এবং গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে অনুষ্ঠানে পরিবেশিত হবে প্রতিবাদী গান, কবিতা ও র্যা’\প। সংস্কৃতি ও সৃজনশীলতার মাধ্যমে সেই সময়ের সংগ্রাম ও আত্মত্যাগের বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে অংশ নেবেন জনপ্রিয় র্যা’\পার হান্নান (Hannan), যিনি ‘আওয়াজ উডা’ গানের জন্য পরিচিত। এছাড়া ‘কথা ক’-খ্যাত সেজান (Sezan), কাজী আহনাফ তামিদ (Kazi Ahnaf Tamid)সহ আরও কয়েকজন শিল্পী পরিবেশন করবেন র্যা’\প গান।

অনুষ্ঠান প্রসঙ্গে শিল্পী সেজান বলেন, ‘দ্য সাউন্ড অব জুলাই’ শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; এটি জুলাইয়ের আন্দোলনের স্মৃতি, প্রতিবাদ ও আত্মত্যাগকে সুর, শব্দ ও কবিতার মাধ্যমে নতুন করে স্মরণ করার একটি প্রয়াস। তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজন শ্রোতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সাড়া পাবে।