প্রায় তিন দশকের অভিনয়জীবন পেরিয়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া এই সম্মানকে জীবনের অত্যন্ত আবেগঘন ও বিনম্রতার একটি মুহূর্ত হিসেবে দেখছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে রানি মুখার্জি বলেন, জীবনের কিছু মুহূর্ত মানুষকে থমকে দাঁড়িয়ে নিজের পুরো যাত্রাপথের দিকে ফিরে তাকাতে বাধ্য করে। তাঁর কাছে আজকের দিনটিও তেমনই একটি মুহূর্ত।
অভিনেত্রী জানান, লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট পাওয়া তাঁর জন্য গভীরভাবে সম্মানের বিষয়। দীর্ঘ অভিনয়জীবনে অভিনীত প্রতিটি চরিত্র, বলা প্রতিটি গল্প এবং অর্জিত প্রতিটি অভিজ্ঞতা তাঁকে আজকের মানুষ ও অভিনেত্রী হিসেবে গড়ে তুলেছে বলে উল্লেখ করেন তিনি।
দর্শকদের ভালোবাসার কথাও বিশেষভাবে স্মরণ করেছেন রানি। তাঁর ভাষায়, এত বছর ধরে দর্শকেরা তাঁর অভিনীত কাজকে নিজেদের ঘর, হৃদয় ও স্মৃতির অংশ করে নিয়েছেন। তাঁদের ভালোবাসা ছাড়া তাঁর দীর্ঘ অভিনয়যাত্রা একইভাবে এগিয়ে যেত না বলেও জানান তিনি।
এই সম্মান তিনি কৃতজ্ঞতা ও গর্বের সঙ্গে গ্রহণ করছেন বলে জানিয়েছেন রানি মুখার্জি। একই সঙ্গে এই স্বীকৃতি গল্প বলার শক্তির ওপর তাঁর বিশ্বাসকে আরও গভীর করেছে বলেও উল্লেখ করেন বলিউডের এই অভিনেত্রী।


