সম্পর্ক থেকে সরে আসা মানেই হাল ছেড়ে দেওয়া নয়, আত্মমর্যাদা ফেরানোর পথও হতে পারে: প্রভা

বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা (Sadia Jahan Prova) দীর্ঘদিন ধরেই অভিনয়ে সক্রিয় রয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও নিয়মিত নিজের নানা অনুভূতি, উপলব্ধি ও জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। তার এসব পোস্ট প্রায়ই নেটিজেন ও ভক্ত-অনুরাগীদের নজর কাড়ে।

শুক্রবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক (Facebook) পেজে দেয়া এক দীর্ঘ ও আবেগঘন পোস্টে সম্পর্ক চুকে ফেলা, আত্মসম্মান এবং মানসিক শান্তি ধরে রাখার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন এ অভিনেত্রী। সম্পর্ক তৈরি হওয়া এবং একসময় সেই সম্পর্ক থেকে সরে আসার প্রয়োজনীয়তা নিয়েও নিজের নতুন এক উপলব্ধি তুলে ধরেছেন প্রভা।

পোস্টে অভিনেত্রী লিখেছেন, সম্পর্ক ছিন্ন করা মানেই কারও কাছ থেকে হাল ছেড়ে দেওয়া নয়। কখনো কখনো এর অর্থ হলো শেষ পর্যন্ত নিজের কাছেই একটি সত্য স্বীকার করে নেওয়া—যে সম্পর্ক একসময় অর্থবহ ছিল, সময়ের সঙ্গে সেটিই হয়তো ধীরে ধীরে একজন মানুষকে ভেতর থেকে ভেঙে দিতে শুরু করেছে।

প্রভার ভাষ্য, ভালোবাসার মূল্য কখনোই এমন হওয়া উচিত নয়, যার বিনিময়ে একজন মানুষকে নিজের মানসিক শান্তি, পরিচয় কিংবা মানসিক স্বাস্থ্য হারাতে হয়। তার মতে, এমন মানুষও জীবনে আসে, যারা শুধু নিজেদের প্রয়োজনের সময় পাশে থাকে; তারা হয়তো কোনো উপকারে আসে না, কিন্তু ধীরে ধীরে একজন মানুষকে নিঃশেষ করে দেয়।

অভিনেত্রী আরও বলেন, পরিবারের মধ্যেও এমন মানুষ থাকতে পারেন, যারা বারবার ব্যক্তিগত সীমা লঙ্ঘন করেন। আবার এমন কেউ থাকতে পারেন, যিনি পাশে থেকেও একজন মানুষকে গভীর একাকিত্বের মধ্যে ফেলে দেন। এমন পরিস্থিতিতেও অনেকেই পরিবর্তনের আশায় সম্পর্ক ধরে রাখার চেষ্টা করে যান।

কিন্তু সেই চেষ্টা চলতে চলতে একসময় মানুষ বুঝতে পারে, পরিস্থিতি বদলানোর অপেক্ষায় থাকতে গিয়ে সে নিজেকেই হারিয়ে ফেলছে। প্রভার মতে, তখন নিজের অবস্থান নতুন করে বুঝে নেওয়া এবং প্রয়োজন হলে সেখান থেকে সরে আসার সিদ্ধান্তও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

জীবন থেকে সবকিছু সরিয়ে দেওয়া কোনো নির্মমতার পরিচয় নয়, বরং কখনো কখনো এটি সাহসিকতারই প্রকাশ—এমন মন্তব্য করে প্রভা বলেন, মিথ্যা ভান করে কোনো কিছু টিকিয়ে রাখার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি। একইভাবে নীরব যন্ত্রণার মধ্যে পড়ে থাকার চেয়ে আত্মসম্মানকে অগ্রাধিকার দেওয়াও প্রয়োজন।

তিনি বলেন, এমন সিদ্ধান্তের পর অনেকে হয়তো বলবেন—মানুষটি বদলে গেছে। কিন্তু তারা হয়তো বুঝতে পারবেন না, এখানে কাউকে কেবল জীবন থেকে ছেঁটে ফেলার বিষয় নেই। বরং কখনো কখনো এটি শেষ পর্যন্ত নিজেকে বাঁচিয়ে রাখার জন্য নেওয়া একটি সিদ্ধান্ত।

অভিনেত্রীর মতে, যেখানে প্রতিনিয়ত আ’\ঘাত পাওয়া যায়, সেখানে নিরাময় সম্ভব নয়। যে পরিবেশ একজন মানুষের মানসিক পরিসরকে ক্রমাগত সংকুচিত করে দেয়, সেখানে স্বাভাবিকভাবে বেড়ে ওঠাও কঠিন হয়ে পড়ে।

তাই কোনো সম্পর্ক কিংবা পরিস্থিতি থেকে সরে আসা মানেই কাউকে পরিত্যাগ করা নয় বলেই মনে করেন প্রভা। তার দৃষ্টিতে, এটি বরং হারিয়ে যেতে বসা নিজের আত্মমর্যাদা আবার ফিরে পাওয়ার একটি পথ।

সবশেষে তিনি জানান, জীবনের কোনো কোনো সময়ে কিছু ছেড়ে দেওয়াটাই ভালোবাসার সবচেয়ে বড় এবং শক্তিশালী প্রকাশ হয়ে উঠতে পারে। অর্থাৎ সব সম্পর্ক ধরে রাখাই ভালোবাসার একমাত্র প্রমাণ নয়; কখনো কখনো নিজের মানসিক শান্তি ও আত্মসম্মানের জন্য সরে আসাও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়।