ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে। উপনির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরুর আগেই ওই আসনে নিজের প্রার্থিতার কথা জানালেন হিরো আলম।
রোববার গণমাধ্যমকে হিরো আলম বলেন, এর আগে সাতক্ষীরার একটি আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হওয়ার বিষয়টি তখন তার জানা ছিল না। বিষয়টি আগে জানা থাকলে সাতক্ষীরায় প্রার্থী হওয়ার ঘোষণা দিতেন না বলেও জানান তিনি।
হিরো আলম বলেন, ‘আমার এলাকার লোকজন বলছেন, আমি বগুড়ার ছেলে। তাই উত্তরাঞ্চলেই থাকা উচিত। তাদের কথার পাশাপাশি নিজের চিন্তা থেকেই এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি স্পষ্ট করে জানান, কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।
তবে এখনো ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহারের মতো আনুষ্ঠানিক প্রক্রিয়াগুলোও এখনো বাকি। ফলে নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া শেষ হওয়ার পরই হিরো আলমের প্রার্থিতা চূড়ান্ত হবে।
এর আগে বিভিন্ন নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় এসেছেন হিরো আলম। এবার ঠাকুরগাঁও-১ আসনে তার প্রার্থী হওয়ার ঘোষণা সম্ভাব্য উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আগ্রহ তৈরি করেছে।


