খেলাপি এস আলম গ্রুপের এসএস পাওয়ারকে এলসি খোলার বিশেষ অনুমতি বাংলাদেশ ব্যাংকের

ঋণখেলাপি এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ারের অনুকূলে এলসি খোলার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শতভাগ নগদ মার্জিনের বিপরীতে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক প্রতিষ্ঠানটির জন্য এলসি খুলতে পারবে। আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত এসএস পাওয়ারকে এই বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। রোববার এ-সংক্রান্ত নির্দেশনা দেশের সব ব্যাংকে পাঠানো হয়।

এসএস পাওয়ার প্ল্যান্ট চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা এলাকায় অবস্থিত ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার একটি বেসরকারি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র। এস আলম গ্রুপ ও একটি চীনা কোম্পানির যৌথ মালিকানাধীন এই বিদ্যুৎকেন্দ্র ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে অন্তত ২ লাখ ২৫ হাজার কোটি টাকা নিয়েছে এস আলম গ্রুপ। এর বড় একটি অংশ বর্তমানে খেলাপি হয়ে আছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনো খেলাপি প্রতিষ্ঠানের অনুকূলে এলসিসহ কোনো ধরনের ঋণ সুবিধা দেওয়ার সুযোগ নেই ব্যাংকের।

তবে এসএস পাওয়ারের ক্ষেত্রে বিশেষ ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, রূপালী ব্যাংককে এসএস পাওয়ার-১ লিমিটেডের অনুকূলে শতভাগ নগদ মার্জিনের বিপরীতে আমদানি ঋণপত্র বা এলসি খোলার অনুমতি দেওয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইনের ১২১ ধারায় দেওয়া ক্ষমতাবলে সরকারের সঙ্গে পরামর্শ করে এই বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।