দুই সিনেমায় টানা সেঞ্চুরি, মাত্র দুই দিনেই ১০০ কোটি ছাড়াল সুরিয়ার ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’

তিন মাসও পেরোয়নি, এর মধ্যেই নতুন সিনেমা নিয়ে আবারও বক্স অফিসে সাফল্যের দেখা পেলেন দক্ষিণ ভারতীয় তারকা সুরিয়া (Suriya)। মুক্তির মাত্র দুই দিনের মধ্যেই তার নতুন সিনেমা ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’ বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয়ের গণ্ডি পেরিয়েছে। ফলে পরপর দুটি সিনেমায় শতক হাঁকানোর কৃতিত্ব দেখালেন এই অভিনেতা।

এর আগে কিছুদিন আগেই সুরিয়ার ‘কারুপ্পু’ বক্স অফিসে বড় ধরনের সাড়া ফেলেছিল। বিশ্বব্যাপী প্রায় সাড়ে ৩৫০ কোটি রুপি আয় করে সিনেমাটি সুরিয়ার ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়ে ওঠে। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন সিনেমা নিয়েও দর্শকদের কাছ থেকে মিলছে ব্যাপক সাড়া।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গত ১৪ আগস্ট মুক্তি পেয়েছে ভেঙ্কি আতলুরির নির্মিত ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’। প্রযোজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মুক্তির মাত্র দুই দিনের মধ্যেই সিনেমাটির বৈশ্বিক আয় ১০০ কোটি রুপি ছাড়িয়েছে। এর মধ্য দিয়ে এটি সুরিয়ার ক্যারিয়ারে সবচেয়ে দ্রুত ১০০ কোটির ক্লাবে প্রবেশ করা সিনেমা হয়ে উঠেছে।

সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে শিল্পপতি ও অলিম্পিক পদকজয়ী সঞ্জয় বিশ্বনাথকে ঘিরে। মায়ের ইচ্ছা পূরণ করতে সারোগেসির মাধ্যমে সন্তানের বাবা হয় সে। কিন্তু কিছুদিন পর সেই সন্তান অসুস্থ হয়ে পড়লে সারোগেট মায়ের সঙ্গে যোগাযোগ করে সঞ্জয়।

শুরুতে তাদের সম্পর্ক ছিল অর্থের বিনিময়ে স্বাভাবিক একটি লেনদেনের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু সন্তানের সূত্র ধরে ধীরে ধীরে সঞ্জয় বিশ্বনাথ ও ওই নারীর মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। অথচ বয়সের ব্যবধানও কম নয়—সঞ্জয়ের চেয়ে ২০ বছরের ছোট সেই সারোগেট মা ম্যাডি।

সমাজে প্রচলিত বিভিন্ন ট্যাবু ও প্রচলিত ধারণাকে প্রশ্ন করার বিষয়টি তুলে ধরায় সিনেমাটি প্রশংসা পাচ্ছে। সিনেমাটিতে সুরিয়ার সঙ্গে অভিনয় করেছেন মমিতা বাইজু, রাধিকা শরৎকুমার, রাবিনা ট্যান্ডন, সুনীল রেড্ডি, নাসারসহ আরও অনেকে।

প্রায় ১৩০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’ মুক্তির পর মাত্র দুই দিনেই ১০০ কোটি রুপি পেরিয়ে যাওয়ায় সুরিয়ার পরপর দুটি সিনেমার বক্স অফিস সাফল্য এখন নতুন করে আলোচনায় এসেছে।