ইউএসএস আব্রাহাম লিংকন এয়ারক্রাফট ক্যারিয়ারে খাদ্য সংকট এবং জীবনযাত্রার মান অবনতির খবরকে সম্পূর্ণ ‘ফেক নিউজ’ বা ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুদ্ধজাহাজটি ‘চমৎকারভাবে রক্ষণাবেক্ষণ’ করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
সোমবার (১৭ আগস্ট) হোয়াইট হাউজে সিএনএনের সাংবাদিক ক্রিস্টেন হোমসের এক প্রশ্নের জবাবে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। হরমুজ প্রণালিতে ২৫০ দিনেরও বেশি সময় ধরে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিংকনের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরে ওই সাংবাদিক প্রশ্ন করেন।
জবাবে ট্রাম্প জানান, তিনি একজন অবসরপ্রাপ্ত অ্যাডমিরালের কাছ থেকে পরোক্ষভাবে এ বিষয়ে তথ্য পেয়েছেন। নাম প্রকাশ না করা ওই সাবেক কর্মকর্তা তাকে জানিয়েছেন, ইউএসএস আব্রাহাম লিংকন চমৎকারভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এবং জাহাজটির যথাযথ যত্ন নেওয়া হচ্ছে।
ওই অবসরপ্রাপ্ত অ্যাডমিরালের সঙ্গে কথোপকথনের সূত্র ধরে ট্রাম্প বলেন, লিংকন সেখানে বেশ কিছুদিন ধরে রয়েছে। তবে বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের আরও অনেক জাহাজকে এর চেয়েও দীর্ঘ সময় মোতায়েন রাখার অভিজ্ঞতা রয়েছে।
তিনি আরও বলেন, অন্য ব্যক্তিরাও এয়ারক্রাফট ক্যারিয়ারটির সুসংগঠিত অবস্থার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এসব ব্যক্তির পরিচয় বা নাম প্রকাশ করেননি ট্রাম্প।
এ সময় সিএনএনের বিরুদ্ধে ‘ভুয়া সংবাদ পরিবেশনের’ অভিযোগ তোলেন মার্কিন প্রেসিডেন্ট। একপর্যায়ে সাংবাদিক ক্রিস্টেন হোমসের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় এবং ট্রাম্প তাকে ‘চুপ থাকতে’ বলেন।
পরমাণু শক্তিচালিত এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিংকন গত ২০২১ সালের ২১ নভেম্বর সান ডিয়েগো ত্যাগ করে। কোনো বন্দরে বিরতি না নিয়ে এটি সমুদ্রে ২৫০ দিনেরও বেশি সময় ধরে টানা মোতায়েন রয়েছে। আধুনিক ইতিহাসে এটি দীর্ঘতম বিরতিহীন মোতায়েনের নতুন রেকর্ড বলে উল্লেখ করা হয়েছে।


