সংবিধান মেনেই হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়োগ: আইনমন্ত্রী

সংবিধান মেনেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে সরকার নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তবে হুমায়ুন কবির তার দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, সে বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি তিনি।

মঙ্গলবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘প্রথম কথা হলো, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয় কথা হলো, এই সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে, এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি।’

তিনি আরও বলেন, ‘সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি। এটাকে বলে ডিমিং ক্লজ। যখন শপথ দেওয়া হয়েছে, সেটা সাংবিধানিকভাবেই দেওয়া হয়েছে।’

এর আগে গত শুক্রবার টেকনোক্র্যাট হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়োগ পাওয়া হুমায়ুন কবিরের ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর থেকেই তার নাগরিকত্বের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

গতকাল সোমবার সাংবাদিকরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে তার ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করেন। তিনি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে পালটা প্রশ্ন করেন, ‘এ নিয়ে কে নিউজ করেছে, কার এত জ্বালা?’

এর আগে গত শুক্রবার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির। গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্বে ছিলেন তিনি।