‘রাজ’-এর রহস্যময় অভিনেত্রী মালিনী শর্মা, ২৩ বছর পর ক্যামেরায় ফিরলেন অন্য এক জীবনের গল্প নিয়ে

বলিউডের জনপ্রিয় হরর সিনেমা ‘রাজ’ (Raaz)-এর গল্প যেমন রহস্যে মোড়া, তেমনি রহস্যে ঘেরা হয়ে উঠেছিল সেই সিনেমার অভিনেত্রী মালিনী শর্মা (Malini Sharma)-র জীবনও। ২০০২ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে খুব বেশি সময় পর্দায় না থাকলেও অল্প উপস্থিতিতেই দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন তিনি। বিশেষ করে ‘আপকে পেয়ার মে’ গানের দৃশ্যে তাঁর উপস্থিতি আজও অনেক দর্শকের স্মৃতিতে গেঁথে আছে।

কিন্তু সেই পরিচিত মুখটিই একসময় হঠাৎ করে বলিউড থেকে নিজেকে সরিয়ে নেন। এরপর কেটে গেছে দীর্ঘ ২৩ বছর। এই সময়ের মধ্যে তাঁকে আর ক্যামেরার সামনে দেখা যায়নি। এবার অবশ্য ফিরছেন মালিনী, তবে কোনো সিনেমার চরিত্র হয়ে নয়। বরং নিজের বদলে যাওয়া জীবন, প্রকৃতির কাছাকাছি থাকা এবং প্রতিদিনের জীবনযাপন ক্যামেরায় তুলে ধরছেন তিনি।

বর্তমানে ভারতের মহারাষ্ট্রের সাহ্যাদ্রি (Sahyadri) পাহাড়ি এলাকায় একটি ফার্মস্টে পরিচালনা করছেন মালিনী শর্মা। জায়গাটি পুনে (Pune) থেকে প্রায় দুই ঘণ্টার দূরত্বে। সেখানে নিজের হাতেই সবজি চাষ করেন তিনি। শুধু তাই নয়, খামারে উৎপাদিত নানা উপকরণ ব্যবহার করে অতিথিদের জন্য খাবারও তৈরি করেন সাবেক এই অভিনেত্রী।

বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২০২০ সালের দিকে সাহ্যাদ্রির ওই এলাকায় বসবাস শুরু করেন মালিনী। সেখানে ধীরে ধীরে প্রকৃতিকেন্দ্রিক এক ভিন্ন জীবন গড়ে তোলেন তিনি। পাশাপাশি ‘দ্য স্লো লোকাল’ (The Slow Local) নামের নিজের উদ্যোগের মাধ্যমে খাবার, কারুশিল্প, বিভিন্ন কর্মশালা এবং প্রকৃতিনির্ভর জীবনযাপন নিয়ে কাজ করছেন।

দীর্ঘদিন পর নিজের অবস্থান ও জীবনযাত্রার কথা মানুষের সামনে আনতে ভিডিও ডায়েরিও শুরু করেছেন তিনি। ‘দ্য স্লো লোকাল ডায়েরিস’ (The Slow Local Diaries)-এর পরিচয় করিয়ে দিতে গিয়ে মালিনী বলেন, ‘যারা ভাবছেন আমি কোথায় হারিয়ে গিয়েছিলাম তাদের বলছি, ‌আমি বেঁচে আছি। আমি এখানে আছি।’

তবে এবার যে ক্যামেরা তাঁর দিকে তাক করা, সেই ক্যামেরার সামনে নেই কোনো সিনেমার চরিত্র, নেই সাজানো সংলাপ কিংবা শুটিং সেটের ব্যস্ততা। মেকআপের আলো থেকে বহু দূরে তাঁর ক্যামেরায় এখন ধরা পড়ছে ফার্মের জীবন, চাষাবাদ, নিজের হাতে রান্না করা খাবার এবং প্রকৃতির সঙ্গে প্রতিদিনের গভীর সম্পর্ক।

এই নতুন জীবনে ঘরে তৈরি বিভিন্ন পণ্য নিয়েও কাজ করেছেন মালিনী। রুটি, গ্র্যানোলা, জ্যাম, কফি ও তেলের মতো বিভিন্ন পণ্য তাঁর উদ্যোগের অংশ ছিল। পরে সেই কাজের পরিধি ও ধরন বদলে শহরের ব্যস্ততা থেকে আরও দূরে সরে যান তিনি। সাহ্যাদ্রির পাহাড়ে গড়ে তোলেন নিজের ফার্মস্টে, যেখানে জীবনযাপনের কেন্দ্রেই রয়েছে প্রকৃতি।

ফার্ম গড়ে তুললেও প্রকৃতিকে পুরোপুরি বদলে ফেলেননি মালিনী। তাঁর ফার্মের একটি অংশে যে প্রাকৃতিক বন রয়েছে, সেটিও অক্ষত রেখেছেন তিনি। সেই বন নিয়ে কথা বলতে গিয়ে মালিনী একে তাদের নিজেদের ‘ছোট্ট বন’ বলে উল্লেখ করেছেন। শহুরে জীবনের কোলাহল থেকে দূরে তাঁর বর্তমান জীবন যেন সেই ছোট্ট বন, চাষের জমি আর দৈনন্দিন কাজের মধ্যেই নতুন অর্থ খুঁজে নিয়েছে।

তবে ‘রাজ’ সিনেমার পরপরই অভিনয়জগত থেকে পুরোপুরি সরে যাননি মালিনী শর্মা। অভিনয়ের পাশাপাশি ক্যামেরার পেছনের কাজের প্রতিও তাঁর আগ্রহ তৈরি হয়েছিল। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পরবর্তী সময়ে তিনি আর্ট ডিরেকশনের সঙ্গেও যুক্ত ছিলেন।

এরপর ধীরে ধীরে তাঁর জীবনের অগ্রাধিকার বদলে যেতে শুরু করে। ব্যক্তিগত জীবন, পরিবার এবং সন্তানদের ঘিরে নতুনভাবে জীবন সাজাতে থাকেন মালিনী। সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে মূলধারার বিনোদনজগত থেকেও নিজেকে ক্রমেই আড়ালে নিয়ে যান তিনি।

একসময় যে অভিনেত্রীকে দর্শক পর্দায় খুঁজতেন, তিনি দীর্ঘ ২৩ বছর পর আবার ক্যামেরার সামনে ফিরেছেন ঠিকই, কিন্তু এবার তাঁর পরিচয় আর শুধু সিনেমার অভিনেত্রীতে সীমাবদ্ধ নয়। শহরের আলো, শুটিং সেট ও বলিউডের ব্যস্ততা পেছনে রেখে সাহ্যাদ্রির পাহাড়ে নিজের মতো করে গড়ে তোলা জীবনই এখন তাঁর ক্যামেরার মূল গল্প।