জন্মদিনে বিমানে উঠে বিমানসেবিকার পোশাকে মেয়েকে দেখে আবেগে ভাসলেন বাবা

বাবা-মেয়ের সম্পর্কের আবেগ বরাবরই যেন একটু অন্যরকম। সেই সম্পর্কে হঠাৎ পাওয়া কোনো চমক মুহূর্তটিকে করে তোলে আরও স্মরণীয়, আরও বিশেষ। তেমনই এক হৃদয়ছোঁয়া ঘটনার সাক্ষী হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। নিজের জন্মদিনে বিমানে উঠে হঠাৎ মেয়েকে বিমানসেবিকার পোশাকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন এক বাবা। সেই মুহূর্তের ভিডিও এখন নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একে একে যাত্রীরা বিমানে প্রবেশ করছেন। দরজার কাছে দাঁড়িয়ে হাসিমুখে তাদের অভ্যর্থনা জানাচ্ছিলেন বিমানসেবিকারা। অন্য যাত্রীদের মতোই একসময় বিমানে প্রবেশ করেন এক প্রৌঢ় ব্যক্তি। স্বাভাবিকভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় হঠাৎই তার চোখ আটকে যায় সেখানে দাঁড়িয়ে থাকা এক বিমানসেবিকার দিকে।

কয়েক মুহূর্ত তিনি তাকিয়েই থাকেন। যেন পরিচিত মুখটি চিনে নিতে একটু সময় লাগছিল তার। তারপর হঠাৎই বুঝতে পারেন, সামনে বিমানসেবিকার পোশাকে দাঁড়িয়ে থাকা তরুণী আর কেউ নন—তার নিজের মেয়ে শ্বেতা পাণ্ডে (Shweta Pandey)।

জানা গেছে, সেদিন ছিল শ্বেতার বাবার জন্মদিন। বাবা যে ওই ফ্লাইটের যাত্রী হিসেবে ভ্রমণ করবেন, সেটি আগে থেকেই জানতেন শ্বেতা। কিন্তু মেয়ের পরিকল্পনা সম্পর্কে সামান্যতম ধারণাও ছিল না বাবার। জন্মদিনটিকে বাবার জন্য স্মরণীয় করে তুলতেই একই ফ্লাইটে দায়িত্ব পালনের পরিকল্পনা করেছিলেন তিনি।

বাবাকে সামনে দেখেই শ্বেতা সম্মান জানিয়ে তাকে প্রণাম করেন। এরপর আর আবেগ ধরে রাখা সম্ভব হয়নি দুজনেরই। বাবা ও মেয়ে একে অপরকে জড়িয়ে ধরেন। নিজের মেয়েকে বিমানসেবিকার দায়িত্ব পালন করতে দেখে বাবাও আবেগ সামলাতে পারেননি। তার চোখেমুখে তখন একদিকে আনন্দের অশ্রু, অন্যদিকে মেয়েকে নিয়ে গভীর গর্বের ছাপ স্পষ্ট হয়ে ওঠে।

বিশেষ এই মুহূর্তটির ভিডিও শ্বেতা নিজেই তার ইনস্টাগ্রাম (Instagram) অ্যাকাউন্টে শেয়ার করেন। প্রকাশের পরপরই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বাবা-মেয়ের এমন নির্মল ও স্বতঃস্ফূর্ত ভালোবাসার দৃশ্য দেখে আবেগঘন প্রতিক্রিয়া জানাতে থাকেন নেটিজেনরাও।

একজন মন্তব্য করেন, বাবার চোখেমুখে মেয়েকে নিয়ে যে গর্বের ছাপ ফুটে উঠেছে, এর চেয়ে সুন্দর দৃশ্য আর কী হতে পারে। আরেকজন লিখেছেন, জন্মদিনে এর চেয়ে মিষ্টি চমক সম্ভবত আর হতে পারে না।

কোনো বড় আয়োজন নয়, ছিল না আগে থেকে জানানো কোনো বিশেষ অনুষ্ঠান। তবু বাবা-মেয়ের এই আবেগঘন মুহূর্তটি যেন আবারও মনে করিয়ে দিল—জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো অনেক সময় পরিকল্পনার বাইরে, একেবারে অপ্রত্যাশিতভাবেই সামনে এসে দাঁড়ায়। আর প্রিয় মানুষের উপস্থিতি সেই মুহূর্তকে করে তোলে আরও গভীর, আরও স্মরণীয়।