শাবনূরকে বিয়ে করেছেন—গুঞ্জনের জবাব যেভাবে দিয়েছিলেন সালমান শাহ

ক্ষণজন্মা নায়ক সালমান শাহ (Salman Shah) ও অভিনেত্রী শাবনূর (Shabnur) ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন। রুপালি পর্দায় তাদের রসায়ন যেমন সিনেমাপ্রেমী দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল, তেমনি বাস্তবজীবনেও তাদের সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়েছিল নানা গুঞ্জন। এমনকি ‘শাবনূরকে বিয়ে করেছেন সালমান শাহ’—এমন খবরও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।

সেই গুঞ্জনের মধ্যেই ১৯৯৬ সালের ১৯ জুলাই ঢাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন সালমান শাহ। সেখানে বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেন এই ক্ষণজন্মা অভিনেতা। সংবাদ সম্মেলনে তার পাশে ছিলেন বাবা কমরউদ্দিন আহমেদ চৌধুরী।

এর আগে ১৯৯৬ সালের এপ্রিল মাসে প্রযোজক সমিতি সালমান শাহকে দুই সপ্তাহের জন্য এফডিসিতে নিষিদ্ধ করেছিল। ‘আগে জানলে টাকা দিয়ে পুরস্কার কিনতাম’—এমন একটি মন্তব্যকে কেন্দ্র করেই ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বলে সে সময়ের গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মূলত প্রযোজক সমিতির নিষেধাজ্ঞা এবং নিজের বিরুদ্ধে শাবনূরকে ঘিরে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে অবস্থান পরিষ্কার করতেই সেদিন সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন সালমান শাহ। সেখানেই শাবনূরের সঙ্গে তার বিয়ের গুঞ্জন ও খবর নিয়ে মুখ খোলেন তিনি।

সালমান শাহ জানান, কয়েকটি সাপ্তাহিক পত্রিকায় তার সঙ্গে শাবনূরের বিয়ের গুজব ছড়ানো হচ্ছে। তবে বিষয়টি পুরোপুরি অস্বীকার করে তিনি বলেন, শাবনূরকে তিনি ছোটবোনের মতো জানেন এবং স্নেহ করেন। একই সঙ্গে নিজের বৈবাহিক অবস্থানও স্পষ্ট করেন তিনি—সালমান শাহ জানান, তিনি বিবাহিত।

‘শাবনূরকে বিয়ে করেছেন’—এমন গুঞ্জন ও খবর সেদিন সম্পূর্ণ অস্বীকার করেন সালমান শাহের বাবা কমরউদ্দিন আহমেদ চৌধুরীও। তিনি বলেছিলেন, ‘আমি আমার ছেলেকে চিনি। শাবনূরকেও আমি চিনি। সালমান এমন কিছু কখনোই করতে পারে না। নিশ্চয়ই এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে।’

শাবনূরকে ঘিরে গুঞ্জন ছড়ানোর প্রসঙ্গে কমরউদ্দিন চৌধুরী বলেন, তিনি তার সন্তানকে ভালোভাবে জানেন এবং সালমান এমন কোনো কাজ করতে পারেন না। তার ধারণা ছিল, কেউ হয়তো সালমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তার ভাষায়, ‘নিশ্চয়ই কেউ ওর বিরুদ্ধে চক্রান্তে নেমেছে।’