দেশের জনপ্রিয় সংগীত তারকা জেমস। ব্যান্ড নগরবাউল দিয়ে শুরু করে দীর্ঘ সংগীতযাত্রায় তিনি হয়ে উঠেছেন ভক্তদের প্রিয় ‘গুরু’। ক্যারিয়ারের এতটা সময় পেরিয়েও মঞ্চে তার উপস্থিতির আবেদন কমেনি। বরং আজও সমানতালে শ্রোতাদের মাতিয়ে যাচ্ছেন এই রক তারকা।
প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন জেমস। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালির পর বর্তমানে তিনি অবস্থান করছেন সুইডেনে। আগামী ৬ সেপ্টেম্বর সুইডেনে বসবাসরত প্রবাসীদের গান শোনাবেন তিনি।
এই কনসার্টকে সামনে রেখে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের সংগীতজীবন, নতুন প্রজন্ম এবং ভবিষ্যৎ ভাবনা নিয়ে কথা বলেন জেমস। সেখানেই তিনি জানান, জীবনের শেষ দিন পর্যন্ত গান গেয়ে যেতে চান। একই সঙ্গে নতুন প্রজন্মের শিল্পীদের জন্যও দিয়েছেন গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ।
আশির দশকের শুরুর দিকে চট্টগ্রামে ফিলিংস ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল হিসেবে সংগীতজীবন শুরু করেন জেমস। ১৯৮৭ সালে প্রকাশিত হয় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। এরপর থেকে নিজের সুর ও কণ্ঠের স্বতন্ত্রতায় কয়েকটি প্রজন্মের শ্রোতাকে মুগ্ধ করে আসছেন তিনি।
সংবাদ সম্মেলনে দীর্ঘ এই পথচলার প্রসঙ্গ উঠলে জেমসের স্বভাবসুলভ উত্তর, ‘যখনই মঞ্চে দাঁড়াই, মনে হয় সবাই আগেরই শ্রোতা।’
তিনি বলেন, সময়ের সঙ্গে যে প্রজন্ম বদলে গেছে, সেটি তিনি আলাদাভাবে খেয়ালই করেননি। তার ভাষায়, ‘এর মধ্যে যে সময় বয়ে যাচ্ছে, জেনারেশন চেঞ্জ হচ্ছে—এটা খেয়ালই করিনি। এখন মনে হয় অনেকগুলো জেনারেশনকে হয়তো গান শোনাতে পারছি।’
জেমস জানান, কোনো কিছু পাওয়ার প্রত্যাশা নিয়ে তিনি কখনো গান করেননি। বরং সংগীতের প্রতি ভালোবাসা, নিজের আবেগ ও প্যাশন থেকেই গানকে বেছে নিয়েছেন। নতুন প্রজন্মের শিল্পীদের প্রতিও তার পরামর্শ, কোনো ধরনের প্রাপ্তির আশায় সংগীতজগতে আসা উচিত নয়।
জেমস বলেন, ‘কোনো কিছু পাওয়ার জন্য সংগীত করার কোনো মানে হয় না। গান করতে হবে একদম প্যাশন থেকে, নেশা থেকে। কোনো প্রাপ্তির আশায় যদি কেউ মিউজিক করে, তবে আমি বলব—এখনই বন্ধ করে দাও। আমি মনে করি, কোনো কিছু পাওয়ার জন্য মিউজিক করা ঠিক না। মিউজিক করতে হবে নিজের প্রশান্তির জন্য।’
সংগীত থেকে অর্জন আসতে পারে, তবে সেটিকে লক্ষ্য বানানো উচিত নয় বলেও মনে করেন তিনি। জেমসের ভাষায়, ‘এর মাধ্যমে যদি কিছু অর্জন হয়, সেটা ভিন্ন কথা। আজ যদি আমি কোনো কিছু নাও পেতাম, তাহলেও গানই করে যেতাম।’
শেষ পর্যন্ত গানকেই জীবনের সঙ্গী করে থাকতে চান এই শিল্পী। সংগীত নিয়ে আলাদা কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই বলেও জানান তিনি। তার কাছে গান করে যাওয়াটাই মূল বিষয়।
জেমস বলেন, ‘সংগীত নিয়ে আলাদা কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। গান গেয়ে যাব, শেষ পর্যন্ত গাইতেই চাই। এমনকি শেষে গিয়ে যদি দেখি মাত্র একজন দর্শকও আছে, আমি তার জন্যও গান গেয়ে যাব।’
সুইডেনের কনসার্টের মধ্য দিয়েই শেষ হবে জেমসের দীর্ঘ ইউরোপ সফর। এরপর তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেবেন। সেখানে আগামী ১২ সেপ্টেম্বর নিউ সাউথ ওয়েলসে আয়োজিত একটি বিশেষ কনসার্টে জেমসের পাশাপাশি একই মঞ্চে গান গাইবেন পশ্চিমবঙ্গের ফসিলস ব্যান্ডের রূপম ইসলাম।


