আশুলিয়ায় বন্ধ ঘর থেকে স্বামী-স্ত্রী ও নবজাতকের অর্ধগলিত লাশ উদ্ধার

সাভারের আশুলিয়ায় একটি বন্ধ ঘর থেকে স্বামী-স্ত্রী ও তাদের নবজাতক সন্তানের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন একটি বাসা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই কক্ষ থেকে স্বামী, স্ত্রী ও তাদের নবজাতক সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে স্বামীর গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ছিল বলে জানা গেছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা খুলে ভেতর থেকে তিনজনের অর্ধগলিত লাশ উদ্ধার করে। নিহতদের পরিচয় এবং ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।