‘লেগো এয়ারপ্লেন’ মন্তব্যে আইনি জটিলতায় নোরা ফাতেহি, ৩ কোটি টাকার মামলা

চার্টার্ড বিমানকে সামাজিক মাধ্যমে ‘লেগো এয়ারপ্লেন’ ও ‘খেলনা’ বলে কটাক্ষ করে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। তার বিরুদ্ধে ৩ কোটি টাকার মানহানি ও ব্যবসায়িক ক্ষতিসাধনের অভিযোগে মামলা করেছে বিমান সংস্থা ‘ডুন্স অ্যাভিয়েশন’।

আহমেদাবাদের গান্ধীনগর আদালতে নোরা ফাতেহির বিরুদ্ধে মামলাটি দায়ের করেছে সংস্থাটি। আগামী ২৫ সেপ্টেম্বর সিনিয়র সিভিল জজ আর আগরওয়ালের আদালতে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ডিসেম্বর মাসে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় ডুন্স অ্যাভিয়েশনের সিএসএন সাইটেশন সিজে২ চার্টার্ড বিমানে সফর করেন নোরা। যাত্রাপথে বিমানের ভেতরের দৃশ্য ধারণ করে কয়েকটি ভিডিও রেকর্ড করেন তিনি। পরে ৪ দশমিক ৬ কোটিরও বেশি অনুসারী থাকা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে সেই ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী।

ভিডিও প্রকাশের সময় বিমানটিকে ‘ক্ষুদ্রাকৃতি’, ‘খেলনা’ এবং ‘লেগো এয়ারপ্লেন’ বলে বিদ্রুপ করেন নোরা। তার সেই মন্তব্য নিয়েই পরবর্তী সময়ে শুরু হয় বিতর্ক এবং শেষ পর্যন্ত আদালতে গড়ায় বিষয়টি।

চলতি বছরের এপ্রিলে দায়ের করা মামলায় ডুন্স অ্যাভিয়েশনের অভিযোগ, নোরার দায়িত্বজ্ঞানহীন ও বিভ্রান্তিকর মন্তব্য সাধারণ গ্রাহকদের মধ্যে ভুল বার্তা তৈরি করেছে। সংস্থাটির দাবি, কোনো ধরনের প্রযুক্তিগত জ্ঞান বা তথ্যের সত্যতা যাচাই ছাড়াই অভিনেত্রী ওই মন্তব্য করায় তাদের ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ে।

মামলার বিবরণে আরও বলা হয়েছে, নোরার মন্তব্যের পর তাদের চার্টার্ড বিমানের বুকিং এক ধাক্কায় ১৫ থেকে ২০ শতাংশ কমে যায়। একই সঙ্গে একাধিক ফ্লাইট বাতিল হয়েছে বলেও দাবি করেছে বিমান সংস্থাটি।

ডুন্স অ্যাভিয়েশন তাদের বক্তব্যে স্পষ্ট করেছে, নোরার সফরের জন্য ব্যবহৃত বিমানটি সম্পূর্ণ উপযুক্ত এবং স্ট্যান্ডার্ড মাপের ছিল। তাদের দাবি, বিমানটি ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন বা ডিজিসিএ কর্তৃক সম্পূর্ণ অনুমোদিত ছিল এবং উড্ডয়নের জন্যও উপযুক্ত অবস্থায় পরিচালিত হচ্ছিল। বিমানটি আইন মেনেই পরিচালনা করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

আদালতের কাছে ডুন্স অ্যাভিয়েশন নোরা ফাতেহির কাছ থেকে ৩ কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানিয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর পোস্ট করা বিতর্কিত ভিডিও এবং এ-সংক্রান্ত সব মন্তব্য অবিলম্বে মুছে ফেলার দাবিও জানিয়েছে তারা।

শুধু পোস্ট সরিয়ে নেওয়াই নয়, প্রকাশ্যে অভিনেত্রীকে সঠিক তথ্য জানিয়ে এ বিষয়ে স্পষ্টীকরণ বা বক্তব্য দেওয়ার আবেদনও করা হয়েছে মামলায়।

তবে এ বিষয়ে এখনও নোরা ফাতেহির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।