মসজিদের মুয়াজ্জিন থেকে ঢালিউডের খলনায়ক, সালমান শাহর বন্ধু ডনের জীবনে নতুন অধ্যায়

পর্দায় একসময় ভয়ংকর খলনায়ক চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন আশরাফুল হক ডন। নব্বইয়ের দশকে ঢাকাই সিনেমার পরিচিত মুখ হয়ে ওঠা এই অভিনেতাকে অসংখ্য চলচ্চিত্রে দেখা গেছে খলচরিত্রে। কিন্তু অভিনয়ে আসার আগে তার জীবন ছিল সম্পূর্ণ ভিন্ন। মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন তিনি, নিয়মিত দিতেন আজান।

সময় গড়ানোর সঙ্গে বদলে যায় ডনের জীবন। চলচ্চিত্রে এসে খলনায়ক চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। আর দীর্ঘদিন পর সেই অভিনেতার নাম আবারও আলোচনায় এসেছে প্রয়াত নায়ক সালমান শাহ হ’\ত্যা মামলাকে কেন্দ্র করে।

রোববার (৯ আগস্ট) সালমান শাহ হ’\ত্যা মামলায় ডন হককে আটকের পর গ্রেফতার দেখিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও চলছে। বিষয়টি সামনে আসার পর ডনের দীর্ঘ অভিনয়জীবনের পাশাপাশি সালমান শাহর সঙ্গে তার ঘনিষ্ঠ বন্ধুত্বের বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।

মসজিদের মুয়াজ্জিন থেকে চলচ্চিত্রের পর্দায়

১৯৭১ সালে বগুড়ায় জন্ম ডনের। দশ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। বগুড়া থেকে ঢাকায় আসার পর নির্মাতা সোহানুর রহমান সোহানের সঙ্গে পরিচয় হয় তার। সেই পরিচয়ের সূত্র ধরেই চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান ডন।

সোহানুর রহমান সোহানের পরিচালনায় ‘লাভ’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। তবে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ছিল ‘কেয়ামত থেকে কেয়ামত’। আর এই সিনেমায় অভিনয়ের সূত্রেই সালমান শাহর সঙ্গে পরিচয় হয় ডনের। পরবর্তী সময়ে সেই পরিচয় গড়ায় ঘনিষ্ঠ বন্ধুত্বে।

সালমান শাহর ২৭টি সিনেমার মধ্যে ২৪টিতেই খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন ডন। নব্বইয়ের দশকে তার অভিনীত সিনেমাগুলো দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। ‘এ জীবন তোমার আমার’, ‘বিক্ষোভ’, ‘ভালোবাসার মূল্য কত’, ‘তোমাকে চাই’, ‘ফুলের মতো বউ’, ‘বিয়ের ফুল’, ‘জীবন সংসার’, ‘ভালোবাসা কারে কয়’ ও ‘মহামিলন’সহ বহু আলোচিত সিনেমায় তাকে দেখা গেছে।

দীর্ঘ অভিনয়জীবনে প্রায় ছয় শতাধিক সিনেমায় কাজ করেছেন ডন। বড়পর্দার পাশাপাশি টেলিভিশন নাটক ও টেলিফিল্মেও অভিনয় করেছেন তিনি। অভিনয়ের বাইরে প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন। ‘এক জনমের ভালোবাসা’ নামে একটি সিনেমা প্রযোজনা করেন তিনি। পাশাপাশি ‘আর্কাইভ’ নামে একটি ব্যান্ডও গড়ে তুলেছিলেন।

সালমান শাহর সঙ্গে বন্ধুত্ব

সালমান শাহর মৃ’\ত্যুর প্রসঙ্গ এলেই পুরোনো বন্ধুর নানা স্মৃতিচারণ করতে দেখা গেছে ডনকে। প্রিয় বন্ধুর অকালমৃ’\ত্যুর কথা বলতে গিয়ে বহুবার আবেগাপ্লুতও হয়েছেন তিনি। দুই অভিনেতার বন্ধুত্বের সেই পুরোনো স্মৃতি এখন সালমান শাহ হ’\ত্যা মামলার নতুন পরিস্থিতির কারণে আবারও আলোচনায় এসেছে।

একসময় মসজিদে আজান দেওয়া সেই তরুণই পরে ঢালিউডের পরিচিত খলনায়ক হয়ে ওঠেন। অভিনয়ের দীর্ঘ পথ পেরিয়ে চলচ্চিত্রের নানা অধ্যায়ের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। কিন্তু এখন প্রয়াত বন্ধু সালমান শাহ হ’\ত্যা মামলায় আসামি হিসেবে গ্রেফতার হওয়ার ঘটনায় ডনের জীবনের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক অধ্যায়।