বিনোদন অঙ্গনের বর্তমান চিত্র নিয়ে জয়: ‘এখন তো মনে হচ্ছে হিরো আলমই ভালো ছিল’

বিনোদন অঙ্গনের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। মূলধারার শিল্প ও বিনোদনমূলক কাজের মান আরও উন্নত করার ওপর জোর দিয়ে তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতি দেখে তার মনে হচ্ছে, ‘হিরো আলমই ভালো ছিল।’ একই সঙ্গে শিল্প-সংস্কৃতির বিকাশে বড় বাজেট, প্রশিক্ষণ এবং দক্ষ নির্মাতাদের সুযোগ দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের এমন ভাবনার কথা জানান শাহরিয়ার নাজিম জয়।

পোস্টে তিনি লেখেন, ‘এখন তো মনে হচ্ছে হিরো আলমই ভালো ছিল। যাই হোক বাঁচার একটাই পথ। শিল্পের মেইন স্ট্রিম কাজগুলোকে উচ্চ থেকে উচ্চতর উচ্চতায় নিয়ে যাওয়া।’

শুধু সমালোচনা নয়, পরিস্থিতি থেকে উত্তরণের পথও নিজের বক্তব্যে তুলে ধরেছেন জয়। তার মতে, প্রযোজক এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচিত ভালো নির্মাতাদের বড় বাজেটের পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া। এতে দেশের বিনোদন ও শিল্পাঙ্গনকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হবে, যেখানে ঘরোয়া মানের বিনোদন দিয়ে দেশের কৃষ্টি, সংস্কৃতি ও বিনোদন শিল্পের পরিচয়কে বিকৃতভাবে উপস্থাপনের সুযোগ থাকবে না।

এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘এবং প্রযোজকদের কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচিত ভালো ভালো নির্মাতাদের বড় বড় বাজেট এবং প্রশিক্ষণ দিয়ে ইন্ডাস্ট্রিকে এমন জায়গায় এগিয়ে নিয়ে যাওয়া যেখানে পৌঁছে গেলে এদের এই ঘরোয়া বিনোদন দেখে আমাদের কৃষ্টি কালচার এবং বিনোদন শিল্পের পরিচয় বিকৃত চোখে দেখার সুযোগ কারো আর থাকবে না।’

জয় তার বক্তব্যে শিল্প ও সংস্কৃতির সঙ্গে পর্যটনের সম্পর্কের বিষয়টিও সামনে আনেন। তিনি মনে করেন, কোনো দেশে পর্যটন ও সংস্কৃতির যথাযথ পরিচর্যা না হলে সেই দেশ প্রাণবন্ত হয়ে উঠতে পারে না।

তার ভাষায়, ‘পর্যটন এবং কালচার যে দেশে পরিচর্যা করে বিকশিত করা হয় না। সেই দেশ কখনোই সজীব এবং জীবন্ত হয়না। শুধু বিশ্বের মানচিত্রে নিথর এক ড্রইং হয়েই পড়ে থাকে।’

এরপর তিনি শিল্পীদের ভূমিকা নিয়েও একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তার মতে, মূলধারার শিল্পীরা যখন নিজেদের মধ্যে বিরোধ বা সংঘাতে ব্যস্ত হয়ে পড়েন, তখন অশিল্পীরা সেই জায়গা দখল করে নেওয়ার সুযোগ পেয়ে যান। শুরুতে সেটি সাময়িক হলেও একপর্যায়ে তা স্থায়ী রূপ নিতে পারে।

জয় লিখেছেন, ‘আরেকটি কথা মূল শিল্পীরা যুদ্ধে লিপ্ত থাকলে অশিল্পীরা শূন্যস্থান পূরণ করে নেয়। প্রথমে সাময়িকভাবে নেয়। তারপর স্থায়ীভাবে।’

পোস্টের শেষাংশে রুমি করিমের একটি ছবি শেয়ার করে তার পরিচয়ও স্পষ্ট করে দেন শাহরিয়ার নাজিম জয়। তিনি জানান, ছবির ব্যক্তি রুমি করিম একজন দক্ষ ইন্টেরিয়র ডিজাইনার এবং তার পেশাগত কাজের ক্ষেত্রে যথাযথ মূল্যায়ন করা উচিত।

এ বিষয়ে জয় লেখেন, ‘বিশেষ দ্রষ্টব্য। ছবির ভদ্রলোক রুমি করিম একজন অত্যন্ত ভালো ইন্টেরিয়র ডিজাইনার। উনাকে ওই ক্ষেত্রে অবশ্যই সঠিক মূল্যায়ন সবার করা উচিত।’