অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন আরেক বাংলাদেশি এলিজা আজাদ রহমান। নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন এলিজা আজাদ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ক্যামডেন সিটি কাউন্সিলকক্ষে আয়োজিত সাধারণ সভায় কাউন্সিলরদের সরাসরি ভোটে এলিজা আজাদ ডেপুটি মেয়র নির্বাচিত হন।
এলিজার এই বিজয়ের খবর ছড়িয়ে পড়ার পর অস্ট্রেলিয়ায় বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। বিজয়ের খবর পেয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা ও অস্ট্রেলিয়ার প্রেস বাংলা মিডিয়ার প্রেসিডেন্ট রহমাতউল্লাহর নেতৃত্বে প্রবাসীরা এলিজাকে অভিনন্দন জানান।
রহমাতউল্লাহ বলেন, এলিজার এই বিজয় নানা জাতি ও বর্ণের মানুষের দেশ অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের মুখ উজ্জ্বল করেছে। একই সঙ্গে অস্ট্রেলিয়ায় বসবাসকারী বাংলাদেশি প্রজন্মের মধ্যে মেইনস্ট্রিম কর্মকাণ্ডের পাশাপাশি রাজনীতিতে প্রবেশের ক্ষেত্রেও এটি উৎসাহ তৈরি করবে বলে জানান তিনি।
এলিজা আজাদ সংবাদমাধ্যমকে বলেন, একজন বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করা সহজ ছিল না। তিনি চান, নারীরা রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বে আরও এগিয়ে আসুক।
এই যাত্রায় স্বামী-সন্তানসহ পরিবারের সদস্যদের কাছ থেকে নিরবচ্ছিন্ন সহযোগিতা পেয়েছেন বলেও জানান এলিজা আজাদ।
তিনি বলেন, এর পাশাপাশি বাংলাদেশি ও স্থানীয় বহু সাংস্কৃতিক কমিউনিটির সমর্থনও পেয়েছেন। এসব মানুষ ও কমিউনিটির সমর্থন তার সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।
এলিজা আজাদ ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ায় সিডনির বাংলাদেশি কমিউনিটিতেও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
সিডনির ডেনহ্যাম কোর্টের বাসিন্দা বোরহান খান লিমন বলেন, এলিজা আজাদ দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছেন। স্থানীয় সরকারে তার এই অবস্থান প্রবাসী বাংলাদেশিদের দাবিদাওয়া তুলে ধরার পাশাপাশি সামগ্রিক উন্নয়নেও বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশা করছেন।
এর আগে বাংলাদেশি সুমন সাহা সিডনির কাম্বারল্যান্ড সিটি কাউন্সিল এবং মাসুদ খলিল ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেছেন। আরেক বাংলাদেশি মাসুদ চৌধুরী বর্তমানে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।


