ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙলেন সাবেক ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় রাখা পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি ভেঙে ফেলেছেন ডাকসুর সাবেক ভিপি প্রার্থী ও বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সাবেক শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার।

সোমবার দুপুরে সংগ্রহশালায় গিয়ে ছবিটির ফ্রেম ভেঙে ফেলেন তিনি। এরপর জিন্নাহর ছবিটি ছিঁড়ে ফেলেন আবু তৈয়ব।

ছবি ভাঙার কারণ ব্যাখ্যা করে আবু তৈয়ব বলেন, ‘ইতিহাসের খলনায়ক যারা, তাদেরকে ডাকসুতে রাখতে আমরা দেব না। এটা জিন্নাহর বাংলাদেশ নয়। এটা শেখ মুজিবের বাংলাদেশ, ভাসানীর বাংলাদেশ, জিয়াউর রহমানের বাংলাদেশ।’

তিনি আরও বলেন, ‘এখানে কোনো খলনায়কের ছবি থাকতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আজকে যারা কলঙ্কিত করেছে—তাদেরকে ইতিহাসের কাছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে এবং প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে।’

ছবি ভাঙার আগে জিন্নাহর ভূমিকা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন আবু তৈয়ব। তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সূত্রটা জিন্নাহ তৈরি করে দিয়েছিল। কার্জন হলে ছাত্র-ছাত্রীদের সামনে সে বলেছিল, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে, বাংলা হবে না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র এর প্রতিবাদ করেছিলেন। তারা বলেছিলেন, জিন্নাহ সাহেব, আপনার এই সিদ্ধান্ত আমরা মানি না।’

আবু তৈয়বের বক্তব্য অনুযায়ী, ভাষার প্রশ্নে জিন্নাহর অবস্থানের বিরোধিতা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটের কথা উল্লেখ করেই ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি রাখার বিরোধিতা করেন তিনি।

জানা গেছে, আবু তৈয়ব হাবিলদার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আলোচিত ও বয়োজ্যেষ্ঠ সহ-সভাপতি (ভিপি) প্রার্থী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের উর্দু বিভাগের শিক্ষার্থী ছিলেন।