লালমাটিয়ায় সাবেক এমপি আজিজুল হক আরজুকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে রাজধানীর লালমাটিয়ায় আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে গ্রেফতার দেখিয়েছে মোহাম্মদপুর থানা-পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়ার মিনা বাজারের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করার পর পুলিশের কাছে হস্তান্তর করেন। এরপর মোহাম্মদপুর থানা-পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার খন্দকার মো. আজিজুল হক আরজুর বয়স ৬৯ বছর। তিনি পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তার বাড়ি পাবনার আমিনপুরের নাটিয়াবাড়ী এলাকায়।

পুলিশ জানায়, সোমবার রাতে মোহাম্মদপুরের লালমাটিয়ায় মিনা বাজারের সামনে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা আজিজুল হক আরজুকে আটক করেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটকের সময় ধস্তাধস্তির একপর্যায়ে তিনি সামান্য আঘাত পান।

মোহাম্মদপুর থানা-পুলিশ জানিয়েছে, আজিজুল হক আরজু হৃদ্‌রোগে আক্রান্ত। গ্রেফতারের পর তার শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশি প্রহরায় পরিবারের সদস্যদের সঙ্গে তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হক আরজুকে আটক করা হয়েছে। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

জুয়েল রানা বলেন, এসব মামলার বিষয়ে যাচাই-বাছাই ও তদন্ত শেষ করার পর তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।