যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলের মাধ্যমে প্রতারণার বিষয়ে বিশেষ সতর্কবার্তা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। অনলাইনে এ ধরনের সন্দেহজনক বা প্রতারণামূলক যোগাযোগ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মার্কিন দূতাবাস, বাংলাদেশের অফিসিয়াল পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়।
দূতাবাসের বার্তায় স্পষ্ট করে বলা হয়েছে, মার্কিন দূতাবাসের কোনো কর্মকর্তা বা কর্মী অনলাইনে কখনো কারও কাছে অর্থ, গিফট কার্ড কিংবা ব্যক্তিগত আর্থিক তথ্য চাইবেন না। এর মধ্যে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বা কার্ড নম্বরের মতো সংবেদনশীল আর্থিক তথ্যও রয়েছে।
প্রতারণা থেকে সুরক্ষিত থাকতে দূতাবাস সাধারণ মানুষের জন্য দুটি প্রধান নির্দেশনা দিয়েছে।
সাড়া দেবেন না
কেউ মার্কিন কূটনীতিকের পরিচয় ব্যবহার করে অনলাইনে যোগাযোগ করে অর্থ বা ব্যক্তিগত তথ্য চাইলে তাতে কোনো ধরনের সাড়া না দেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস।
টাকা পাঠাবেন না
কোনো ধরনের প্রলোভন, অনুরোধ বা আর্থিক দাবির মুখে অর্থ পাঠানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এ ধরনের যোগাযোগের মাধ্যমে প্রতারকেরা যাতে কাউকে আর্থিক লেনদেনে জড়াতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
সাধারণ মানুষকে ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি ও প্রোফাইল সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি এ ধরনের প্রতারণামূলক যোগাযোগের ফাঁদে না পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে মার্কিন দূতাবাস।
