সন্তানদের থেকে দূরে সেলিনা জেটলি, আবেগঘন বার্তায় ফুটে উঠল মায়ের আক্ষেপ

সাবেক সৌন্দর্যের রানি, ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স খেতাবজয়ী এবং বলিউডের মডেল-অভিনেত্রী সেলিনা জেটলি (Celina Jaitly) বিবাহবিচ্ছেদের মামলা ঘিরে টানাপোড়েনের মধ্যেই সন্তানদের থেকে দূরে রয়েছেন। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্যের পর স্বামী পিটার হাগ (Peter Haag)-এর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। সেই বিচ্ছেদের পর সন্তানদের ঘিরেও তৈরি হয়েছে জটিল পরিস্থিতি।

মুম্বাইয়ের একটি আদালতে স্বামীর বিরুদ্ধে পারিবারিক হিং’\সা আইনে মামলা করেছেন সেলিনা। সন্তানদের পাশাপাশি সম্পত্তি নিয়েও দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। অভিনেত্রীর অভিযোগ, তাকে সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি।

এই অবস্থার মধ্যেই সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তিন পুত্র উইনস্টন, বিরাজ ও আর্থারের উদ্দেশে আবেগঘন একটি বার্তা দিয়েছেন সেলিনা। স্কুলে নতুন ক্লাসের প্রথম দিনে ছেলেদের পাশে থাকতে না পারার যন্ত্রণা ও আক্ষেপ স্পষ্ট হয়ে উঠেছে সেই লেখায়।

সেলিনার দাম্পত্য জীবনের টানাপোড়েন এখনো কাটেনি। পিটার হাগের সঙ্গে তার বিবাহবিচ্ছেদের আইনি লড়াই চলমান। সেই লড়াইয়ের মাঝেই সন্তানদের থেকেও দূরে থাকতে হচ্ছে তাকে। ছেলেদের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘এখানেই কথাগুলো লিখছি। কারণ আমার ছেলেদের কাছে পৌঁছাতে পারছি না।’

এরপর সন্তানদের স্কুলের নতুন ক্লাস শুরুর প্রসঙ্গ টেনে সেলিনা লিখেছেন, ‘ওদের নতুন ক্লাস শুরু হলো। একটা আলিঙ্গন, একটা চুমু আর তোমাদের মুখে “স্কুলে যাচ্ছি মা” শুনতে পাব না। একসময় তোমাদের স্কুলের বইয়ের মলাট আমি নিজে লাগিয়ে দিতাম। আজ তোমাদের জন্য প্রার্থনা করছি মাত্র।’

তিন সন্তানের নাম উল্লেখ করে তাদের স্কুলের প্রথম দিনের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার প্রিয় উইনস্টন (Winston), বিরাজ (Viraaj) ও আর্থার (Arthur), স্কুলের প্রথম দিনের জন্য অনেক শুভেচ্ছা। মা এখনো মনে রেখেছে তোমাদের স্কুলের নানা কাজ। আমরা একসঙ্গে বইগুলোতে মলাট লাগাতাম, আরও কত কী।’

সন্তানদের সঙ্গে কাটানো সাধারণ অথচ আনন্দে ভরা মুহূর্তগুলোর কথাও স্মরণ করেছেন সেলিনা। বিশেষ করে অস্ট্রিয়ায় স্কুল খোলার আগের দিনগুলোর স্মৃতি ফিরে এসেছে তার লেখায়।

তিনি বলেন, ‘অস্ট্রিয়ায় স্কুল খোলার এক সপ্তাহ আগে কীভাবে ভালোবেসে তোমাদের জন্য পাউরুটি আর নানা পদ বানিয়েছিলাম, সেটিও মনে আছে। কত সাধারণ ছিল সেই মুহূর্তগুলো। অথচ সেই মুহূর্তগুলোই কত দারুণ আনন্দে ভরা ছিল।’

এবার ছেলেদের নতুন ক্লাসের প্রথম দিনে পাশে থাকতে না পারার কষ্টও প্রকাশ করেছেন অভিনেত্রী। শুধু তা-ই নয়, ২০২৬ সালের বাকি সময়টাও সন্তানদের সঙ্গে কাটাতে পারবেন না বলে জানিয়েছেন তিনি।

সেলিনা লিখেছেন, ‘এবার তোমাদের ক্লাসের প্রথম দিনে আমি থাকতে পারব না। ২০২৬ সালের বাকি দিনগুলোও থাকতে পারব না। আমার মন ভেঙে গেছে। বড়দের মধ্যে যা-ই ঘটুক না কেন, আমি চাই তোমরা বাবা ও মা—দুজনেরই ভালোবাসা পাও।’

বাবা-মায়ের সম্পর্কের জটিলতা যেন সন্তানদের ওপর কোনো চাপ তৈরি না করে, সেই বার্তাও দিয়েছেন সেলিনা। সন্তানদের কখনো বাবা কিংবা মায়ের মধ্যে কাউকে বেছে নিতে হবে না বলেও স্পষ্ট করে জানিয়েছেন তিনি।

অভিনেত্রী বলেন, ‘তোমাদের কখনো মা বা বাবার মধ্যে কাউকে বেছে নিতে হবে না। তোমরা মা ও বাবা দুজনকেই ভালোবাসতে পারো। মা সবসময় সেটাকে সমর্থন করবে।’

সন্তানরা বাবা-মা দুজনকে সমানভাবে ভালোবাসলে তাদের যেন কোনো অপরাধবোধ না থাকে, সেটিও বলেছেন সেলিনা। দূরত্ব তৈরি হলেও সন্তানদের প্রতি তার ভালোবাসায় কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন তিনি।

সেলিনার ভাষায়, ‘আমাদের দুজনকে সমানভাবে ভালোবাসার জন্য তোমাদের কখনো অপরাধবোধে ভুগতে হবে না। আমাকে সবসময়ে পাশে পাবে। আমার ভালোবাসায় কোনো শর্ত নেই। কোনো দূরত্বই সেই ভালোবাসা বদলাতে পারবে না।’