নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর–কে পাঠানো এক ব্যক্তিগত বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার পর তার আর ‘শুধুমাত্র শান্তির’ বিষয়টি মাথায় রাখার কোনো প্রয়োজন নেই। সোমবার প্রকাশিত ওই বার্তায় তিনি এই বক্তব্য দেন বলে নিশ্চিত করেছে স্টোরের দপ্তর।
বার্তায় ট্রাম্প লেখেন, ‘৮টি যুদ্ধ বন্ধ করার পরও আপনার দেশ আমাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে এখন আর শান্তির কথা ভাবার কোনো বাধ্যবাধকতা আমি অনুভব করি না।’ নরওয়ের সংবাদমাধ্যম ভিজি স্টোরের কার্যালয়ের বরাতে জানায়, বার্তাটির সত্যতা যাচাই করা হয়েছে। একই সঙ্গে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকেও তথ্যটি নিশ্চিত করেছে।
একই দিনে প্রকাশিত আরেকটি বার্তায় ট্রাম্প আরও কড়া সুরে কথা বলেন গ্রিনল্যান্ড ইস্যুতে। তিনি দাবি করেন, ডেনিশ স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড যদি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে না আসে, তাহলে বিশ্ব নিরাপদ থাকবে না। জোনাস গাহর স্টোরকে লেখা ওই বার্তায় ট্রাম্প স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, ‘গ্রিনল্যান্ডের ওপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ না থাকলে বিশ্ব নিরাপদ নয়।’ নরওয়ের প্রধানমন্ত্রীর দপ্তর এএফপিকে এই বার্তার সত্যতাও নিশ্চিত করেছে।


