‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইন ও সিরিজের সব মূল্যমানের ব্যাংক নোট মুদ্রণের উদ্যোগ নিয়েছে। এর আওতায় ১,০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা মূল্যমানের নোট ছাপানো হচ্ছে। এরই মধ্যে ১,০০০, ৫০০, ১০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে এসেছে। এই ধারাবাহিকতায় গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইনের ১০ টাকার নোট আজ থেকে প্রথমবারের মতো বাজারে আসছে।
প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোট ইস্যু করা হবে। পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও নোটটি বিতরণ করা হবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, নতুন ১০ টাকার নোটটির আকার ১২৩ মিলিমিটার × ৬০ মিলিমিটার। নোটটির সম্মুখভাগের বাম পাশে রয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি। মাঝখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে মুদ্রিত হয়েছে জাতীয় ফুল শাপলার ছবি। নোটটির পেছন ভাগে স্থান পেয়েছে ‘গ্রাফিতি ২০২৪’-এর চিত্র। পুরো নোটে গোলাপি রঙের আধিক্য চোখে পড়বে।
নিরাপত্তা বৈশিষ্ট্যের অংশ হিসেবে নোটের সম্মুখভাগে বাম পাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকার ছবি এবং মাঝখানে পাতা ও কলিসহ প্রস্ফুটিত শাপলার ব্যাকগ্রাউন্ড রয়েছে। পেছন ভাগে গ্রাফিতি ২০২৪-এর ছবি মুদ্রিত আছে।
এ ছাড়া নোটটিতে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখের জলছাপ, ইলেকট্রোটাইপ জলছাপে ‘১০’, বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম, ২ মিলিমিটার চওড়া রং পরিবর্তনশীল নিরাপত্তা সুতা, সি-থ্রু ইমেজ এবং মাইক্রোপ্রিন্ট। উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপে ‘10’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রামও সংযোজিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, নোটটি নাড়াচাড়া করলে নিরাপত্তা সুতার রং লাল থেকে সবুজে পরিবর্তিত হবে, যা জাল নোট শনাক্তে সহায়ক হবে।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, নতুন ডিজাইনের ১০ টাকার নোট বাজারে এলেও বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে এবং সেগুলো ব্যবহারেও কোনো বাধা নেই।
এ ছাড়া মুদ্রা সংগ্রাহকদের জন্য ১০ টাকার ‘নমুনা’ (Specimen) নোটও মুদ্রণ করা হয়েছে। এসব নমুনা নোট বিনিময়যোগ্য নয়। আগ্রহীরা নির্ধারিত মূল্যে বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘর বিভাগ, মিরপুর থেকে এই নমুনা নোট সংগ্রহ করতে পারবেন।


