দক্ষিণ এশিয়ায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না চীন: ঢাকায় রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন স্পষ্টভাবে জানিয়েছেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বেইজিং প্রত্যাশা করে না। তিনি বলেন, চীন প্রতিটি দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী।

রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য বৈঠক করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরেন।

রাষ্ট্রদূত বলেন, চীন সবসময়ই অংশীদার দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার চর্চার বিরোধী। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে বেইজিং পারস্পরিক সম্মান ও সার্বভৌম সমতার নীতিকে গুরুত্ব দেয়। এ অঞ্চলে কোনো তৃতীয় পক্ষের প্রভাব বা হস্তক্ষেপ কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইয়াও ওয়েন জানান, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে চীন।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফর নিয়ে প্রশ্ন উঠলে রাষ্ট্রদূত বলেন, অতীতে যেভাবে উচ্চপর্যায়ের সফর হয়েছে, ভবিষ্যতেও তেমন হাই লেভেল ভিজিট হবে বলে তারা আশা করছেন। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে এ ধরনের সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও উল্লেখ করেন তিনি।